ভিডিওর শুরুতে দেখা যায়, প্যারাগ্লাইডার পাইলট সেলফি স্টিকে ক্যামেরা ধরে ওই নারীর জন্মদিন পালনের ঘোষণা দিচ্ছেন। তিনি মজা করে বলেন, "ম্যাডামজির জন্মদিন আজ, কেক কাটা হবে। নিচে ফেলা যাবে না।" এরপর তিনি জানান, ৪৪ বছর বয়সে ওই নারী মাঝ আকাশে কেক কেটে জন্মদিন পালন করছেন।
এরপর ওই নারী কেক কাটেন, এক টুকরো খান এবং দুজনে মিলে 'হ্যাপি বার্থডে' গান গান। তিনি পাইলটকেও কেক অফার করেন। কিন্তু পাইলট হাসিমুখে বলেন, 'ল্যান্ড করার পর খাব।'
গত ২৭ নভেম্বর রাহুল মহাজন এক্সে ভিডিওটি শেয়ার করেন। হিমাচল প্রদেশের জনপ্রিয় অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র বীর বিলিংয়ে ট্যান্ডেম প্যারাগ্লাইডিংয়ের সময় এই ঘটনা ঘটে।
আকাশে ওড়ার সময় কেক কাটার এই অদ্ভুত দৃশ্য অ্যাডভেঞ্চার স্পোর্টসের অপারেটরদের সতর্কতা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে।
নিজের পোস্টে মহাজন প্রশ্ন তুলেছেন, টেক-অফের সময় কীভাবে কেকটি বহন করা হয়েছিল। একই সঙ্গে তিনি নিরাপত্তার বিষয়টি কে দেখভাল করছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, অ্যাডভেঞ্চার পর্যটনকে কেবল বিনোদন হিসেবে দেখা উচিত নয়, এর ঝুঁকিগুলোও বিবেচনা করা দরকার।