
বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতক প্রাণ হারিয়েছে। জিও টিভি জানিয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জিও টিভির তথ্যমতে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের গাইনি ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকারী দলের সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, ওই হাসপাতালের নার্সারির ভেতরে একটি এয়ার-কন্ডিশনারের কম্প্রেসারে বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এখন কুলিং অপারেশন চালানো হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ (MCH) ওয়ার্ডের তৃতীয় তলায় লাগা এই আগুনে ১৪টি শিশু সম্পূর্ণভাবে পুড়ে গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।
ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এই কমিটি আগুনের কারণ এবং কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, তিনি কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের ক্ষেত্রে এমন পরিস্থিতি অপূরণীয় ক্ষতি। পিআইএমএস হল সেই হাসপাতাল যেখানে আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে যাওয়া হয়েছিল।