চীনে রোবটকে প্রশিক্ষণ দেওয়া বা 'রোবট ট্রেনার'-এর চাকরি এখন রীতিমতো ট্রেন্ডিং। মানুষের দৈনন্দিন কাজের ট্রেনিং দেওয়া হচ্ছে এসব রোবটকে। ভবিষ্যতে গৃহপরিচারিকাদের কাজের ওপর এই প্রযুক্তি কেমন প্রভাব ফেলবে, তা জানলে আপনিও চমকে যাবেন। বিস্তারিত জেনে নিন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং রোবোটিক্স প্রযুক্তির দারুণ উন্নতি হচ্ছে। তবে প্রযুক্তি যতই এগোচ্ছে, সাধারণ শারীরিক নড়াচড়া আর রোজকার কাজ যন্ত্রকে শেখানোটা এখনও একটা বড় চ্যালেঞ্জ। এর সমাধান হিসেবে চীনে এখন 'রোবট ট্রেনার' বা রোবট প্রশিক্ষক নামের নতুন একটি পেশা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে জোর চর্চা চলছে।
25
রোবট ট্রেনারদের কাজ কী?
বাড়ি আর কারখানায় মানুষের মতো করে এআই সিস্টেমগুলোকে কাজ করানোই এই ট্রেনারদের মূল লক্ষ্য। এর জন্য তাদের বেশ কঠিন কাজ করতে হয়। কর্মীরা নিজেদের শরীরে মোশন ক্যাপচার সেন্সর, সেন্সর ব্রেসলেট আর মাথায় ক্যামেরা লাগিয়ে নেন। কম্পিউটার স্ক্রিনের নির্দেশ অনুযায়ী জামাকাপড় ভাঁজ করা, বাসন মাজা, কাপ তোলা বা টেবিল মোছার মতো কাজ তারা রোজ করেন। তাদের প্রত্যেকটি নড়াচড়াকে ডেটা হিসেবে রেকর্ড করা হয়। ভবিষ্যতে রোবটদের শেখানোর জন্য এটি একটি ট্রেইনিং সেট হিসেবে কাজ করে।
35
কঠোর পরিশ্রম... সঙ্গে মানসিক চাপ
চীনে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রচুর আসছে। তাই অনেক তরুণ-তরুণী, চাকরি হারানো মানুষ আর ইন্টার্নশিপ খোঁজা পড়ুয়ারা এই কাজের দিকে ঝুঁকছেন। মাসে তারা ৪ হাজার থেকে ৬ হাজার ইউয়ান পর্যন্ত বেতন পান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ হাজার টাকার মতো। কিন্তু এর পিছনে রয়েছে প্রবল শারীরিক ও মানসিক চাপ। প্রতিদিন তাদের কিছু টার্গেট পূরণ করতে হয়। কেউ কেউ দিনে ২০০ বার বাসন মাজেন বা টেবিল মোছেন। ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তাদের কাজের গতি আর দক্ষতা সবসময় নজরদারি করা হয়। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, "রোবটদের ট্রেনিং দেওয়া মানে ছোট বাচ্চাকে কাজ শেখানোর মতোই ব্যাপার।"
অনেক কর্মীই আক্ষেপ করছেন যে তারা খাটুনির তুলনায় সঠিক বেতন পাচ্ছেন না। এর পাশাপাশি এই ক্ষেত্রে একটা বড় বিপদও লুকিয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, "মানুষ রোবটকে কাজ শেখাচ্ছে... কিন্তু কাল সেই রোবটগুলোই হয়তো তাদের চাকরি কেড়ে নেবে, যারা তাদের কাজ শিখিয়েছে।" প্রযুক্তি মানুষের অনেক উপকার করলেও, আগামী দিনে কাজের দুনিয়ায় কেমন বদল আনবে, এটা তারই একটা বড় উদাহরণ।
55
ভারতের উপর এর প্রভাব কেমন পড়বে?
চীনে যা ঘটছে, তা ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশের জন্য একটা বড় সতর্কবার্তা। আমাদের দেশে গৃহকর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। কোটি কোটি মানুষ এই পেশার ওপর নির্ভর করে বেঁচে আছেন। কিন্তু হিউম্যানয়েড রোবট আর এআই-এর যুগে আগামী দিনে রান্নাবান্না বা ঘরের কাজ রোবটরাই করতে পারে। এমনটা হলে আমাদের দেশের গৃহকর্মীদের ওপর তার বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।