Trump-Xi and Putin Meeting: বছর শেষে বিশ্ব রাজনীতির ইতিহাস এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে। আগামী সপ্তাহ প্রথমবারের মতো একসঙ্গে ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠকে বসতে চলেছেন বিশ্বের তিন দাপুটে নেতা। কারা তারা? কোথায় হবে বৈঠক? বিস্তারিত জানুন।।
চলতি মাসেই প্রথমবারের মতো একসঙ্গে ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের ফাঁকে আগামী ১৯ নভেম্বর এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউসের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
26
ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে বিবৃতি হোয়াইট হাউসের
হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে ৩৩তম অ্যাপেক (APEC) সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি দ্বিপাক্ষিক বৈঠক এবং মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে। এরপরই চীন সফরের সমাপনী পর্বে ট্রাম্প, শি এবং পুতিন একসঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। তবে এই সফরে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাদা কোনও একান্ত (ওয়ান-অন-ওয়ান) বৈঠকের পরিকল্পনা নেই বলেও জানিয়েছে হোয়াইট হাউস।
36
পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করা হবে?
মার্কিন প্রশাসন সূত্রে খবর, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র হ্রাস এবং ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে থাকা সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির (New START) মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যারফলে গত ৫০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর দেশের ওপর কোনও অস্ত্রসীমা নেই। অন্যদিকে, চীনও দ্রুতগতিতে তাদের পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে। ট্রাম্প পারমাণবিক অস্ত্রের এই বিস্তারকে বিশ্ব নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক মনে করেন এবং এই বিষয়ে তিন দেশের শীর্ষ পর্যায়ে সংলাপ শুরু করতে আগ্রহী।
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ নিয়ে তিন রাষ্ট্রনেতা আলোচনা করবেন বলে জানা গিয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে ত্রিপাক্ষিক এই বৈঠকে আলোচনার কোনও পরিকল্পনা নেই বলে হোয়াইট হাউস স্পষ্ট করেছে। মার্কিন সরকার তরফে জানানো হয়েছে যে, ইউক্রেন বিষয়টি নিয়ে মস্কো ও কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের আলাদা আলোচনা চলছে এবং চীন সেই প্রক্রিয়ার অংশ নয়।
56
কূটনৈতিক প্রত্যাশা ও অন্যান্য সফরসঙ্গী
ত্রিপাক্ষিক এই বৈঠক ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হলেও ওয়াশিংটন এখনই বড় কোনও চুক্তির আশা করছে না। এটি মূলত তিন দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি সংলাপ শুরুর একটি প্রাথমিক পদক্ষেপ বা 'এন্ট্রি পয়েন্ট'। উল্লেখ্য, হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠকের ঘোষণা করা হলেও বেজিং এবং মস্কোর তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ফলে বাকি দুই দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবে কীনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
66
ট্রাম্পের চিন সফরের সফর সঙ্গী হচ্ছেন কারা?
এদিকে, ট্রাম্পের এই চীন সফরে একমাত্র ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সঙ্গী হচ্ছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তবে তিনি এই ত্রিপাক্ষিক বৈঠক বা কোনও সরকারি বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক 'ইয়াল্টা সম্মেলনের' পর বিশ্বের তিন প্রধান পরাশক্তির শীর্ষ নেতাদের এমন একত্রিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।