সিনেমার গল্প এবার বাস্তবে! চিনে চালু হল বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবটের সুপার ফ্যাক্টরি, যেখানে প্রতি ১০ মিনিটে তৈরি হচ্ছে একটি আস্ত রোবট। আর সবচেয়ে চমক, এই রোবট বানাচ্ছে অন্য রোবটরাই।
এতদিন সিনেমায় দেখতেন, এবার বাস্তবে দেখুন। চিনের গুয়াংশি প্রদেশের লিউঝো শহরে চালু হল পৃথিবীর প্রথম বুদ্ধিমান হিউম্যানয়েড রোবট তৈরির কারখানা। নাম UBTECH-এর সুপার স্মার্ট ফ্যাক্টরি। গত ১২ই সেপ্টেম্বর এই ফ্যাক্টরি চালু হয়েছে এবং চালু হতেই গোটা বিশ্বকে চমকে দিয়েছে।
এই কারখানার ক্ষমতা শুনলে মাথা ঘুরে যাবে - বছরে ১০,০০০ রোবট তৈরি হবে এখানে, অর্থাৎ প্রতি ১০ মিনিটে লাইন থেকে বেরিয়ে আসবে একটি আস্ত হিউম্যানয়েড রোবট।
রোবটের আঁতুড়ঘরে রোবটই কর্মী!
এই ফ্যাক্টরির সবচেয়ে বড় ইউএসপি হল 'রোবটস বিল্ডিং রোবটস' মডেল। ১৪,০০০ স্কোয়ার মিটার জুড়ে তৈরি এই বিশাল কারখানায় মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে রোবটরাই।
মালপত্র ওঠানো-নামানো, স্ট্যাকিং, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করছে UBTECH-এরই তৈরি Cruzr Y1 এবং Cruzr S2 হিউম্যানয়েড রোবটরা। ফাইনাল অ্যাসেম্বলিতে আছে কোলাবোরেটিভ রোবট, ৩৬০ ডিগ্রি ঘুরতে পারা ওয়ার্কবেঞ্চ এবং চালকবিহীন গাড়ি। জার্মান কোম্পানি Siemens-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই ফ্যাক্টরির মাথা হল একটি ডিজিটাল 'স্মার্ট ব্রেন', যা অর্ডার থেকে কোয়ালিটি চেক সবকিছু নিয়ন্ত্রণ করে।
এখানে মূলত তৈরি হচ্ছে UBTECH-এর Walker S এবং Cruzr সিরিজের ইন্ডাস্ট্রিয়াল রোবট, যেগুলো ইতিমধ্যেই BYD, Foxconn, Volkswagen-এর মতো কোম্পানিতে কাজ করছে। প্রতিটি রোবট ফ্যাক্টরি থেকে বেরোনোর আগে ৪ ঘণ্টার কঠিন টেস্টিং এবং ৩৬০ ডিগ্রি ইন্সপেকশন টানেলের মধ্যে দিয়ে যায়।
মাত্র ৯ মাসের মধ্যে ১,০০০ থেকে ১০,০০০ ইউনিট তৈরির ক্ষমতায় পৌঁছে গেছে কোম্পানিটি। চিন বুঝিয়ে দিল, ইলেকট্রিক গাড়ির পর এবার হিউম্যানয়েড রোবটের দুনিয়াতেও তারাই রাজা হতে চলেছে।


