গোটা ভারত জুড়েই এবার বর্ষার ঘাটতি। ভরা বর্ষাতেও পানীয় জলের হাহাকার আর গ্রীষ্মের মতো কাঠফাটা রোদ। শুধু শহরের তাপমাত্রা বাড়ছে তা নয়, গোটা পৃথিবীই দ্রুত তেতে উঠছে। সমুদ্রের জল ফুটছে, দ্রুত গলছে হিমালয়ের বরফ।
জলবায়ু পরিবর্তনের জেরে রাতের তাপমাত্রাও আর কমছে না। ফলে শরীর ঠান্ডা হওয়ার সুযোগ পাচ্ছে না, বাড়ছে হার্টের অসুখের ঝুঁকি। জীবাশ্ম জ্বালানি, কয়লা ও তেলের যথেচ্ছ ব্যবহার এবং জঙ্গল কাটার ফলেই এই বিপদ। গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা যে হারে বাড়ছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিজ্ঞানীরা।