Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে উদ্যোগী ভারত! তবে মানতে হবে ২ শর্ত, তারেক সরকারের উপর বাড়ছে চাপ?

Published : Nov 14, 2026, 11:34 AM IST
India wants ousted PM Sheikh Hasina to return to Bangladesh but only after certain conditions are fulfiled

সংক্ষিপ্ত

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে তাঁকে ফেরানোর আগে বাংলাদেশের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চাইছে নয়াদিল্লি। হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন করে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ রাখার বিষয়ে নিশ্চয়তা চাইছে ভারত।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান হাসিনা। ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে তাঁকে ফেরানোর আগে বাংলাদেশের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চাইছে নয়াদিল্লি। সংবাদমাধ্যম BBC বাংলার একটি প্রতিবেদনের সূত্র উল্লেখ করে এমনই দাবি করেছে India Today। প্রতিবেদন অনুযায়ী, হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশে তাঁর বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার সুযোগ রাখার বিষয়ে নিশ্চয়তা চাইছে ভারত। এই প্রক্রিয়ায় বাংলাদেশের সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখতে চায় নয়াদিল্লি বলেও দাবি করা হয়েছে।

হাসিনার প্রত্যাবর্তনে ভারতের ২ শর্ত কী?

BBC বাংলার প্রতিবেদন অনুযায়ী, হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রথম শর্ত নিরাপত্তা সংক্রান্ত। তাঁকে যেন কোনও বন্দি হিসেবে হস্তান্তর করা না হয়, বরং বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে দেশে ফেরানো হয়, এমনটাই চাইছে নয়াদিল্লি। প্রয়োজনে বাংলাদেশের সামরিক বিমান দিল্লিতে পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিকল্পও রয়েছে। দ্বিতীয় শর্ত বিচারপ্রক্রিয়া নিয়ে। বাংলাদেশে ফিরে হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং ২০২৪ সালের আন্দোলন ঘিরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে নতুন করে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারের সুযোগ পান, সেই নিশ্চয়তা চাইছে ভারত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের বক্তব্য বলে BBC বাংলার প্রতিবেদনে যে সূত্র উদ্ধৃত হয়েছে, তাতে আন্তর্জাতিক মহল ও সংবাদমাধ্যমের নজরদারিতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?

প্রতিবেদন অনুযায়ী, হাসিনার নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত। সে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় নয়াদিল্লি। বিমানপথে অথবা দুই দেশের সম্মত কোনও সীমান্তবর্তী এলাকায় তাঁকে হস্তান্তরের বিকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি। তবে এই বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়ে তাঁর কিছু বলার নেই।

ডিসেম্বরে কি দেশে ফিরতে পারবেন হাসিনা?

শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের পথ এখনও সহজ নয়। বাংলাদেশের আদালতে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। অন্যদিকে, ঢাকার সরকার বারবার ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্যও আবেদন করেছিলেন হাসিনা। কিন্তু বাংলাদেশের সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বলে Reuters জানিয়েছে।

BBC বাংলার প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় সূত্রগুলির মতে, ডিসেম্বরের মধ্যে হাসিনার প্রত্যাবর্তন বাস্তবায়িত হওয়া কঠিন হতে পারে। বাংলাদেশের বর্তমান সরকারও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। ফলে হাসিনার দেশে ফেরা নিয়ে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের আগামী পদক্ষেপ এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

US Elections: হারের ধাক্কা! ২০২৮ এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ভ্যান্স, পথের কাঁটা ইরান
Bangladesh: বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেষ্টার মোবাইল ফোন ছিনতাই! এখনও হল না উদ্ধার