
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ব্যাপক হারের পর, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার কথা গভীরভাবে ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মাগা (MAGA) আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তা, দলের অভ্যন্তরীণ বিভেদ এবং চলমান ইরান যুদ্ধের রাজনৈতিক প্রভাবের কারণেই এই ভাবনা।
সিএনএন-এর একটি রিপোর্ট অনুযায়ী, ভ্যান্সের মিত্র ও উপদেষ্টা সহ প্রায় ডজনখানেক ঘনিষ্ঠ ব্যক্তির সাক্ষাৎকার থেকে জানা গেছে যে, তিনি তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দোলাচলে আছেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের নেতৃত্ব তাঁর দেওয়া উচিত কি না, তা নিয়ে তিনি নিজেই সন্দিহান। যদিও ভ্যান্স চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি এবং হোয়াইট হাউসের দৌড় থেকে এখনও ছিটকে যাননি, তাঁর চিন্তাভাবনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রিপাবলিকান জোটের সামনে থাকা চ্যালেঞ্জগুলি নিয়ে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছেন।
ভ্যান্সের ঘনিষ্ঠ একজন সিএনএনকে বলেন, "তিনি যে সিদ্ধান্তই নেন না কেন, আমি অবাক হব না। তাঁর বয়স মাত্র ৪২ বছর। পরিস্থিতি যদি সাফল্যের পক্ষে অনুকূল না হয়, তবে পরে ফের প্রেসিডেন্ট হওয়ার মত বয়স তাঁর আছে। হয়তো এটা তাঁর সময় নয়।"
সিএনএন জানিয়েছে, ইরান যুদ্ধ ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার পথে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর মিত্ররা প্রশ্ন তুলেছেন যে, সংঘাত অব্যাহত থাকলে ২০২৮ সালে কোনো রিপাবলিকান প্রার্থী জয়ী হতে পারবেন কি না। ভ্যান্সের এক সঙ্গী সিএনএনকে বলেন, "প্রশ্নটা এটা নয় যে জেডি পারবেন কি না। প্রশ্ন হলো: ইরান যুদ্ধ যদি চলতে থাকে, তবে কোনো রিপাবলিকান কি পারবেন?" তিনি আরও বলেন, "যদি ইরান যুদ্ধ শেষ না হয়, তবে ২০২৮ সালে কোনো রিপাবলিকানের জেতার কোনো সুযোগ নেই।"
মধ্যবর্তী নির্বাচনের পর এক্সে (X) একটি দীর্ঘ পোস্টের পর ভাইস প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানও সবার নজর কেড়েছে। ওই পোস্টে তিনি রিপাবলিকানদের হারের জন্য ইরান সংঘাতকে দায়ী করেন এবং প্রশাসনের অগ্রাধিকারগুলোর পুনর্মূল্যায়ন করার আহ্বান জানান। ভ্যান্স লেখেন, "আমাদের হারের কারণ হলো যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে সে কথা বলেছেন।" তিনি যুক্তি দেন যে, প্রশাসনের উচিত যুদ্ধ শেষ করা, জিনিসপত্রের দাম কমানো এবং দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলির ওপর জোর দেওয়া।
সিএনএন অনুযায়ী, এই পোস্টটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরক্ত করেছে। ট্রাম্প ব্যক্তিগতভাবে ভ্যান্সের সমালোচনা করেছেন কারণ তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেননি, যদিও বিবৃতিটি প্রকাশের আগেই তাঁকে এ বিষয়ে জানানো হয়েছিল। রিপোর্টে আরও বলা হয়েছে যে, এরপর ট্রাম্প ভ্যান্সকে ইরান সংক্রান্ত আলোচনা থেকে সরে আসতে বলেন এবং এর পরিবর্তে ডেমোক্র্যাট-শাসিত রাজ্যগুলিতে হওয়া দুর্নীতি ও অপরাধের ওপর নজর দিতে বলেন।
ইতিমধ্যে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, টেক্সাসের সেনেটর টেড ক্রুজ এবং জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প-সহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ক্রমবর্ধমান প্রতিযোগিতা সত্ত্বেও, ভ্যান্সের সমর্থকরা আত্মবিশ্বাসী যে, তিনি যদি লড়ার সিদ্ধান্ত নেন তবে রিপাবলিকান প্রাইমারিতে তিনি আধিপত্য বিস্তার করতে পারবেন। আমেরিকান প্রিন্সিপালস প্রজেক্ট নামে একটি প্রভাবশালী রক্ষণশীল সংগঠনের সভাপতি টেরি শিলিং সিএনএনকে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে হারের কারণে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত নয়।
শিলিং বলেন, "তিনি মূলত দলের প্রধান হওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা সবচেয়ে বড় লড়াইগুলির মধ্যে একটিতে নামতে চলেছি। তিনি না লড়লে আমি অবাক হব।" তবে, মাগা আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রাজনৈতিক পোলস্টার রিচ বারিস সতর্ক করেছেন যে, হতাশ রিপাবলিকান ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার কঠিন কাজটির মুখোমুখি হতে হবে ভ্যান্সকে। বারিস সিএনএনকে বলেন, "মাগা শেষ।" তাঁর যুক্তি, রিপাবলিকান পার্টি ভোটারদের একাংশের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সিএনএন আরও জানিয়েছে যে, সম্ভাব্য ভ্যান্স প্রচারের জন্য আর্থিক এবং সাংগঠনিক সহায়তা পাওয়া নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও তাঁর মিত্ররা আত্মবিশ্বাসী যে, ইলন মাস্ক এবং পেপ্যাল-এর প্রাক্তন সিইও পিটার থিয়েলের মতো ধনী সমর্থকরা তাঁর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সাহায্য করতে পারেন। ভ্যান্সের সাথে যুক্ত একটি দাতা নেটওয়ার্ক, যা রিকব্রিজ নেটওয়ার্ক নামে পরিচিত, তারাও মধ্যবর্তী নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে হিউস্টনে বৈঠক করেছে। চলতি বছরের শুরুতে স্ত্রী উষার সাথে চতুর্থ সন্তানের মুখ দেখেছেন ভ্যান্স। তিনি তাঁর সিদ্ধান্ত ঘোষণার জন্য এখনও কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করেননি।