
চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বেজিংয়ে চিনের বিদেশ মন্ত্রকের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর জেনারেল লিউ জিনসং-এর সঙ্গে একটি পরিচিতি বৈঠকে বসেছিলেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তাঁরা। সোমবার চিনের ভারতীয় দূতাবাস এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে জানায়, এই বৈঠকে "দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ব্রিকস কাঠামোর অধীনে সহযোগিতা" নিয়ে কথা হয়েছে।
দুই আধিকারিক ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক স্তরে যোগাযোগ বজায় রাখার উপর জোর দেন। দুই দেশের রাষ্ট্রনেতাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি "স্থিতিশীল, অনুমানযোগ্য এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক" গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হন তাঁরা।
এর আগে, গত ১৫ মে, ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহং নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস বিদেশমন্ত্রীদের "সফল" বৈঠকের জন্য ভারতকে অভিনন্দন জানান। ১৪ থেকে ১৫ মে পর্যন্ত এই বৈঠক চলে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর অনুপস্থিতিতে জু ফেইহং চিনের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে ব্রিকস দেশগুলি বিভিন্ন বিষয়ে গঠনমূলক এবং গভীর আলোচনা করেছে। তিনি আরও জানান, চিন সদস্য দেশগুলির সঙ্গে একতা ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত।
জু ফেইহং বলেন, "ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠক সফলভাবে আয়োজন করার জন্য ভারতকে অভিনন্দন। জটিল বিশ্ব পরিস্থিতিতে ব্রিকস দেশগুলি বিভিন্ন বিষয়ে গভীর ও গঠনমূলক আলোচনা করেছে। চেয়ারস স্টেটমেন্ট এবং আউটকাম ডকুমেন্টে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়, ব্রিকসের ভবিষ্যৎ এবং বিশ্ব প্রশাসন ও বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে ব্যাপক ঐকমত্য ফুটে উঠেছে।"
রাষ্ট্রদূত 'এক্স'-এ আরও বলেন, "পরবর্তী চেয়ার হিসেবে চিন সমস্ত অংশীদারদের সঙ্গে একতা ও সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত এবং আগামী বছর সহকর্মীদের চিনে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছে।"
এরও আগে, ৭ মে, চিনে নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী চিনের সহকারী বিদেশমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের প্রোটোকল বিভাগের ডিরেক্টর-জেনারেল হং লি-র কাছে তাঁর পরিচয়পত্রের একটি কপি পেশ করেন।
বেজিং-এ অবস্থিত ভারতীয় দূতাবাসের এক্স (X) হ্যান্ডেলের একটি পোস্ট অনুসারে, বুধবার বেজিংয়ে এই অনুষ্ঠানটি হয়। এর মাধ্যমে ভারতীয় দূত আনুষ্ঠানিকভাবে চিনা বিদেশ মন্ত্রকের আধিকারিকের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। দূতাবাস জানায়, “রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী ৭ মে, ২০২৬ তারিখে বেজিং-এ চিনের সহকারী বিদেশমন্ত্রী এবং বিদেশ মন্ত্রকের প্রোটোকল বিভাগের ডিরেক্টর-জেনারেল, মহামান্য হং লি-র কাছে তাঁর পরিচয়পত্রের একটি কপি পেশ করেছেন।”