
Jets Collide Mid Air: মাঝ আকাশে দুই বিমানের মধ্যে সংঘর্ষ। ডোনাল্ড ট্রাম্পের দেশে ঘটল মারাত্মক দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত 'গানফাইটার স্কাইজ এয়ার শো'-তে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার আকাশে প্রদর্শনের সময় মাঝআকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিন নৌবাহিনীর দুটি ইএ-১৮৬ গ্রোলার যুদ্ধবিমান। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই আগুনের গোলায় পরিণত হয় দুটি বিমান। তবে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে, কারণ বিমানে থাকা চারজন ক্রু সদস্যই সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন। স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে আসা ইলেকট্রনিক্স অ্যাটাক স্কোয়াড্রন ১২৯ (VAQ-129)-এর অধীনে থাকা এই দুটি যুদ্ধবিমান এয়ার শো-তে প্রদর্শনী করছিল। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যায়, মাঝআকাশে সংঘর্ষের পর দুটি বিমান দ্রুত নিচের দিকে ভেঙে পড়ছে এবং পরপর চারটি প্যারাশুট খুলে যায়।
বিমান দুটি মাটিতে আছড়ে পড়তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা দেখা যায় বহু দূর থেকেও। প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাস্থলটি দর্শকাসন ও বেস এলাকা থেকে প্রায় ২ মাইল দূরে হওয়ায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। কোনও দর্শক বা স্থলকর্মী আহত হননি বলেও নিশ্চিত করেছে মার্কিন সেনা কর্তৃপক্ষ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি পরিষেবা ও দমকল বাহিনী। সংঘর্ষের জেরে এলাকায় ছোটখাটো ঝোপঝাড়ে আগুনও ছড়িয়ে পড়ে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস লকডাউন করে দেওয়া হয়েছিল। এরপরই বাতিল করে দেওয়া হয় এয়ার শো-এর বাকি সমস্ত অনুষ্ঠান।
দেখুন ভিডিও
মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, চারজন ক্রু সদস্যই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং কারও গুরুতর আঘাত লাগেনি। কী কারণে এই মাঝআকাশে সংঘর্ষ ঘটল, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালের পর এই প্রথম 'গানফাইটার স্কাইজ' এয়ার শো আয়োজন করা হয়েছিল। ভয়াবহ দুর্ঘটনা সত্ত্বেও প্রাণহানি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আয়োজক ও সেনা কর্তৃপক্ষ।