হিজাব ছাড়া গান গাওয়াই অপরাধ! ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ ঘা চাবুক মারল প্রশাসন

Published : Nov 26, 2026, 01:32 PM IST
Irnanian Singer

সংক্ষিপ্ত

হিজাব ছাড়া গান গাওয়ার সিদ্ধান্তের জেরে এমন শাস্তির মুখে পড়তে হবে, তা কি ভাবতে পেরেছিলেন ইরানের গায়িকা পারাস্তু আহমাদি? দু’বছর আগের একটি অনলাইন কনসার্টের সূত্র ধরে এবার তাঁর উপর কার্যকর হল আদালতের নির্দেশ। কিন্তু এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে কেন নতুন করে প্রশ্ন উঠছে ইরানের আইন ও মহিলাদের স্বাধীনতা নিয়ে?

নিজের পছন্দমতো পোশাক পরে গান গেয়েছিলেন। আর সেই ঘটনার জেরেই ভয়াবহ শাস্তির মুখে পড়তে হল ইরানের গায়িকা পারাস্তু আহমাদিকে। হিজাব না পরে গান গাওয়ার অভিযোগে তাঁকে ৭৪ ঘা চাবুক মারা হয়েছে। শুধু পারাস্তু নন, তাঁর গানের দলের আরও তিন সঙ্গীতশিল্পী এবং এক প্রযোজকের উপরেও একই শাস্তি কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি প্রায় দু’বছর আগের। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ইউটিউবে একটি অনলাইন কনসার্টের ভিডিয়ো প্রকাশ করেছিলেন ২৯ বছর বয়সি এই ইরানি গায়িকা। সেখানে তাঁর মাথায় হিজাব ছিল না, পরনে ছিল হাতাকাটা পোশাক। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কয়েকজন পুরুষ সদস্যও। দর্শক ছাড়াই ঐতিহাসিক দেইর-এ গাচিন ক্যারাভানসেরাইয়ে রেকর্ড করা হয়েছিল ওই অনুষ্ঠান। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ইরানের প্রশাসনের নজরে পড়েন পারাস্তু ও তাঁর সঙ্গীরা।

এর পরেই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়। আদালতে অভিযোগ ওঠে, অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশ করে দেশের প্রচলিত নিয়ম ভেঙেছেন তাঁরা। যদিও অভিযুক্তরা সেই অভিযোগ মানতে চাননি।

গত জুন মাসে কোম প্রদেশের একটি আদালত পারাস্তুদের দোষী সাব্যস্ত করে ৭৪ ঘা চাবুক মারার নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি। গত সেপ্টেম্বরে আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে সোমবার তাঁদের উপর ওই শাস্তি কার্যকর করা হয়েছে। পারাস্তুর আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, সাজা আটকানোর জন্য তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শুধু চাবুক মারাই নয়, আগামী দু’বছর গান গাওয়া এবং ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

ইরানে মহিলাদের পোশাক ও গান গাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে। সে দেশের আইন অনুযায়ী, প্রকাশ্য স্থানে মহিলাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। হিজাব না পরলে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে। পাশাপাশি মহিলাদের একক সঙ্গীত পরিবেশনের উপরেও রয়েছে কড়াকড়ি। বিশেষ করে পুরুষদের উপস্থিতিতে কোনও মহিলার একক গান গাওয়ার অনুমতি নেই। দীর্ঘদিন ধরেই এই নিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন ইরানের মহিলা শিল্পীরা।

পারাস্তু আহমাদির ঘটনায় নতুন করে সামনে এসেছে সেই বিতর্ক। তাঁর শাস্তির খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনার নিন্দা করেছে। মার্কিন মানবাধিকার সংগঠন 'সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান'-এর প্রতিনিধি বাহার গন্দেরীর বক্তব্য, নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার জন্য একজন শিল্পীকে এ ভাবে শাস্তি দেওয়া তাঁর মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই শাস্তিকে নিষ্ঠুর ও অমানবিক বলে উল্লেখ করেছে।

ইরানে হিজাববিধি নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০২২ সালে ২২ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। হিজাব সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে আটক করেছিল ইরানের নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। হেফাজতে তাঁর উপর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। মাহশার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বহু মহিলা। কেউ প্রকাশ্যে হিজাব পুড়িয়েছেন, কেউ আবার চুল কেটে প্রতিবাদ জানিয়েছেন। যদিও সেই আন্দোলন কঠোর হাতে দমন করে প্রশাসন।

এর দু’বছর পর, ২০২৪ সালের নভেম্বরেও তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে এক তরুণীর প্রতিবাদ ঘিরে শোরগোল পড়ে যায়। হিজাববিধির প্রতিবাদে তিনি অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন। পরে তাঁকে আটক করে হাসপাতালে পাঠানো হয়। ইরানের বিচার বিভাগের তরফে দাবি করা হয়েছিল, ওই তরুণী মানসিকভাবে অসুস্থ। পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। তবে মানবাধিকার সংগঠনগুলি আশঙ্কা প্রকাশ করেছিল, প্রতিবাদীদের দমনে মানসিক হাসপাতাল ব্যবহারের প্রবণতা বাড়তে পারে।

পারাস্তু আহমাদির শাস্তি ঘিরে সেই পুরনো বিতর্কই আবার সামনে এসেছে। ব্যক্তিগত স্বাধীনতা, পোশাকের অধিকার এবং শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FedEx Plane Accident: ল্যান্ডিংয়ের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান! মায়ামি বিমানবন্দরে দুর্ঘটনা, ভাইরাল ভিডিও
Nepal Flood Update: নেপালে হড়পা বানে নিখোঁজ ভারতীয় পর্যটকরা সকলেই মৃত! ২১৩ জনের তালিকা প্রকাশ সরকারের