Nepal Flash Flood Update: নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে, তালিকাটি নিয়ে কোনও পরিবারের সদস্যদের কোনও উদ্বেগ, আপত্তি বা পরিবর্তনের প্রস্তাব থাকলে, তারা ২ ডিসেম্বরের আগে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ হওয়া ভারতীয় পর্যটকদের পরিবারের সদস্যরা eoikathmandufloodsupport@gmail.com ঠিকানায় ইমেইল করতে পারেন।
Nepal Flash Flood Update: চলতি বছরের গত অগাস্ট মাসে ভয়ঙ্কর বন্যায় নেপালে ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১০০০ জনেরও বেশি মানুষ-পর্যটক। নিখোঁজ আরও বহু। প্রাণের সন্ধানে এতদিন ধরে তল্লাশি অভিযান চালালেও নেপাল সরকার সদ্যই ঘোষণা করেছিল যে, তারা এবার উদ্ধার-অভিযান বা খোঁজার কাজ বন্ধ করে দেশ পুনর্গঠনে-ক্ষয়ক্ষতি মেরামতে নজর দেবে। সেইমতো এবার আরও একটি তালিকা প্রকাশ করল নেপাল সরকার।
কীসের তালিকা প্রকাশ করল নেপাল সরকার?
জানা গিয়েছে, নেপালের বালেন্দ্র সরকারের তরফে প্রকাশিত ওই তালিকায় রয়েছে ২১৩ জন ভারতীয় পর্যটকের নাম। যাদের কোনও হদিশ এখনও পর্যন্ত মেলেনি। এবার সেইসব নিখোঁজ ভারতীয় পর্যটকদের মৃত বলে ঘোষণা করতে চলেছেন কাঠমাণ্ডু সরকার। শুধু তাই নয়, নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নিখোঁজ ভারতীয় নাগরিকদের একটি তালিকা প্রকাশ করেছে। এবং সেই তালিকায় কোনও সংযোজন, বিয়োজন বা সংশোধনের জন্য আপত্তি বা অনুরোধ থাকলে তা জানানোর আহ্বান করা হয়েছে।
এই বিষয়ে সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে, তালিকাটি নিয়ে কোনও পরিবারের সদস্যদের কোনও উদ্বেগ, আপত্তি বা পরিবর্তনের প্রস্তাব থাকলে, তারা ২ ডিসেম্বরের আগে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ হওয়া ভারতীয় পর্যটকদের পরিবারের সদস্যরা eoikathmandufloodsupport@gmail.com ঠিকানায় ইমেইল করতে পারেন অথবা +9779851316807 নম্বরে ফোন করতে পারেন বলেও জানানো হয়েছে।
এদিকে ২১৩ জন পর্যটকদের এই নিখোঁজের তালিকায় রয়েছেন মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশু রায়ের বউ শর্মিষ্ঠা ভৌমিক রায়। তাকেও মৃত বলে দাবি করছে নেপাল সরকার। যদিও তা মানতে নারাজ মুকুল পুত্র। এই বিষয়ে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, সে নেপাল সরকারের ওয়েবসাইটে প্রকাশিত নিখোঁজ ভারতীয়দের তালিকাটি দেখেছেন। তবে অনেক সময় সরকারের গাফিলতি থেকে যায় বা কাজে ফাঁকফোকর থেকে যায়। ফলে অনেকে অনেক বছর পর ফিরে আসেন। তাই তিনি এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানতে চেয়ে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে চিঠি দেবেন। কীসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হল তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন শুভ্রাংশু রায়।
















