
Lamborghini Gift: চাকরির বাজার এখন বেশ খারাপই বলা যায়। নতুন চাকরির সুযোগ তো কমছেই, সঙ্গে চলছে কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতা। এরই মাঝে তাক লাাগানো কাজ করল দুবাইয়ের এক কোম্পানি। অসাধারণ পেশাদার দক্ষতার স্বীকৃতি হিসেবে এক মহিলা কর্মীকে নতুন 'ল্যাম্বরগিনি উরুস' (Lamborghini Urus) গাড়ি উপহার দিল দুবাইয়ের এক জনপ্রিয় রিয়েল এস্টেট সংস্থা। দুবাইয়ের বাজারে এই হাই-পারফরম্যান্স বিলাসবহুল গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ থেকে ১৫.৫ লাখ দিরহাম (AED), যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩ কোটি থেকে ৪ কোটি টাকার কাছাকাছি। এই রাজকীয় উপহারের খবর প্রকাশ্যে আসতেই এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুবাইয়ের 'রিচকি প্রপার্টিজ' (Richkey Properties)।
দুবাইয়ের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ফার্ম 'রিচকি প্রপার্টিজ'-এর বার্ষিক উৎসব ও অ্যাওয়ার্ড নাইট ঘিরে সম্প্রতি এক অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি হয়। সংস্থার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ওই জমকালো অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন তাদেরই তারকা রিয়েল এস্টেট এজেন্ট নাতালিয়া চাভেজ (Natalia Chavez)। ২০২৬ সালের জন্য সংস্থার 'টপ পারফর্মার' বা বর্ষসেরা কর্মী নির্বাচিত হয়েছেন তিনি। মূলত গত দুই বছরে একাই ৫০০ মিলিয়ন ডলারের (৫০ কোটি ডলার) বেশি মূল্যের প্রপার্টি ডিল সফলভাবে ক্লোজ করার কারণেই তাঁকে এই ঐতিহাসিক সম্মান জানানো হয়। ডলারে এই বিশাল অঙ্কের বিক্রির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৪০০ কোটি টাকার সমান।
দেখুন ভিডিও
Dubai real estate firm goes VIRAL after GIFTING top employee a LAMBORGHINI
To be fair, it was given to an agent who reportedly closed over $500M in sales https://t.co/HL8WDCUGxA
— RT (@RT_com) October 30, 2026
অনুষ্ঠানের শুরুতে সাধারণ নিয়ম মেনে মঞ্চে ডেকে নাতালিয়াকে বর্ষসেরা কর্মীর ট্রফি দেওয়া হয়। কিন্তু ট্রফি হাতে পাওয়ার পর তিনি যখন স্বাভাবিকভাবেই মঞ্চ থেকে নেমে আসছিলেন, তখনই ঘটে আসল টুইস্ট। সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও ডাবান ওসমান (Daban Othman) মাইক্রোফোনে তাঁকে থামিয়ে দেন। সবাইকে অবাক করে সিইও মজা করে বলে ওঠেন, "নাতালিয়া, কোথায় যাচ্ছ? ভাবছ সব শেষ?" এরপর তিনি ঘোষণা করেন যে আসল সারপ্রাইজটি এখনও বাকি রয়েছে। উপস্থিত দর্শকদের মধ্যে চরম উত্তেজনা তৈরি করতে শুরু হয় রিভার্স কাউন্টডাউন। এরপর রিবন কেটে মঞ্চের পর্দা সরাতেই সবার সামনে উন্মোচিত হয় এক বিশাল সোনালি রিবন ও বেলুনে মোড়া চকচকে নীল রঙের ল্যাম্বরগিনি উরুস।
উপহারের গাড়িটি দেখার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন নাতালিয়া। উল্লেখ্য, ওই রাতে শুধু এই বিলাসবহুল গাড়িটিই নয়, বরং মোট চারটি বড় পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন তিনি। বছরের প্রথম ত্রৈমাসিকে তৃতীয় স্থান এবং দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে সেরা পারফর্মার হওয়ার পর, সমস্ত ত্রৈমাসিকের ফলাফল মিলিয়ে তাঁকে সামগ্রিকভাবে ২০২৬ সালের সেরা কর্মী ঘোষণা করা হয়।
ভাইরাল ভিডিও
রিচকি প্রপার্টিজের পক্ষ থেকে এই রোমাঞ্চকর মুহূর্তের ভিডিও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয়। সংস্থার পোস্টে লেখা হয়, "রিচকিতে ভালো পারফর্ম করলে ঠিক এটাই ঘটে! বড় জয়, আরও বড় স্বপ্ন।" নাতালিয়াকে ট্যাগ করে সংস্থা জানায় যে তিনি সত্যিই এই সাফল্যের যোগ্য। মুহূর্তের মধ্যে ইনস্টাগ্রাম, এক্স (আগে নাম ছিল টুইটার) সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। ভারতসহ বিশ্বের বহু প্রভাবশালী সংবাদমাধ্যম এই খবরটিকে বড় করে প্রচার করেছে। কর্মীর কঠোর পরিশ্রমের এমন উপযুক্ত মূল্যায়ন দেখে দুবাইয়ের রিয়েল এস্টেট জগতের 'হাই-রিওয়ার্ড' সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।