
ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা ফের জোরদার করতে আলোচনায় বসতে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাঁদের সফরের মধ্যেই ইউক্রেনে হামলা তিন দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থাগুলির খবর অনুযায়ী, শনিবার উইটকফ ও কুশনারের সঙ্গে পুতিনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, যুদ্ধ অবসানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে ওয়াশিংটন। সফরের বিষয়ে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংঘাত নিয়ে আলোচনার জন্য শনিবার মস্কোয় পৌঁছেছেন উইটকফ ও কুশনার।
রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর উইটকফ, কুশনার ও দিমিত্রিয়েভকে বহনকারী গাড়িবহর সরকারি বিমানবন্দর থেকে শহরের উদ্দেশে রওনা হয়। এর আগেও পুতিন ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন দিমিত্রিয়েভ। মার্কিন আলোচকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পঞ্চম বছরে পা দেওয়া ইউক্রেন যুদ্ধের অবসানে ওয়াশিংটনের কাছে একটি নতুন ও সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। এর পরেই উইটকফ ও কুশনারের মস্কো সফরের বিষয়টি সামনে আসে।
যদিও পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি ট্রাম্প। তিনি জানান, যুদ্ধের অবসানে কোনও অগ্রগতি সম্ভব কি না, তা খতিয়ে দেখতেই উইটকফ ও কুশনারকে বিদেশে পাঠানো হয়েছে। ট্রাম্প বলেন, “শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আমাদের একটি পরিকল্পনা বা ধারণা রয়েছে।” তিনি আরও বলেন, “আমি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠিয়েছি। তাঁরা অত্যন্ত দক্ষ আলোচক এবং দারুণ কাজ করেছেন। কোনও সুরাহা করা সম্ভব কি না, তা দেখার জন্যই তাঁদের পাঠানো হয়েছে। আর এটি সফল হওয়ার ভালো সম্ভাবনাও রয়েছে।”