
মানবিক আত্মজাগরণ থেকে বলিষ্ঠ সমাজগঠনের পথে সভ্যতা, আর সেই সভ্যতার ইতিহাসে মানুষ আজ প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক যোগাযোগব্যবস্থা এবং বৈজ্ঞানিক অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনকে যেমন আরো সহজ করেছে, তেমনি কোথাও যেন মানুষের অন্তর্জগৎ ততটাই নিঃসঙ্গ হয়ে উঠছে দিনে দিনে। সাফল্যের নিরন্তর দৌড়ে মানুষ প্রায় হতবাক, নিঃসঙ্গতার ভয়, আত্মিক প্রশান্তি, পারিবারিক উষ্ণতা এবং মানবিক মূল্যবোধের সহজ সৌন্দর্যগুলো সবই রয়েছে তবুও কেমন এলোমেলো। আজ প্রশ্ন উঠছে শুধু প্রযুক্তির উৎকর্ষই কি একটি সুন্দর সমাজ গড়তে পারে? নাকি তার জন্য প্রয়োজন আত্মিক জাগরণ, নৈতিক চর্চা এবং মানবিকতার পুনরাবিষ্কার।
সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই সৎসঙ্গ ইউকে আয়োজন করেছে এক অনন্য মিলনোৎসব ‘সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে প্রয়োগমূলক আধ্যাত্মিকতা।' শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং মানুষকে নিজের ভেতরের আলো আবিষ্কার করার সঙ্গে নিজের পরিবারকে আরও দৃঢ় করে তোলার এবং সমাজকে ভালোবাসার এক আন্তরিক প্রয়াস। " শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনদর্শনের আলোকে আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা হল আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানচর্চা, যা কোনও নিভৃত সাধনার বিষয় নয়। এটি প্রতিদিনের জীবনের আচরণ, দায়িত্ববোধ, সততা এবং মানবসেবার মধ্যেই জীবন্ত হয়ে ওঠে। একজন মানুষ যখন নিজেকে শুদ্ধ করে, তখন তার পরিবার আলোকিত হয়; আর আলোকিত পরিবারই একটি সুস্থ সমাজের ভিত্তি নির্মাণ করে। ব্যস্ততার কোলাহল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনে নেওয়ার এই অনুশীলন মনকে শান্ত, দৃঢ় ও ইতিবাচক করে তোলে।
ভক্তিমূলক সংগীত অনুষ্ঠানের আবহকে আরও গভীর করে তুলবে। সুর, বাণী ও ভক্তির সম্মিলনে সৃষ্টি হবে এমন এক অনুভূতির পরিসর, যেখানে হৃদয় ও আত্মা যেন এক অপূর্ব সংলাপে মিলিত হবে। পাশাপাশি আধ্যাত্মিক আলোচনায় উঠে আসবে জীবনের বাস্তব প্রশ্ন কীভাবে সততা, দায়িত্ববোধ, পারিবারিক মূল্যবোধ, সেবার মানসিকতা এবং সহমর্মিতাকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিকিৎসা, বিজ্ঞান ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সূচনা হবে চিকিৎসক আশিস সাহার হাত ধরে, অবসরপ্রাপ্ত এনএইচএস জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড্রু হার্ডি। তিনি তাঁর দীর্ঘ চিকিৎসাসেবা ও মানবকল্যাণমূলক অভিজ্ঞতার আলোকে সমাজে সেবার গুরুত্ব তুলে ধরবেন। শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অলকা ঠাকুর আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও মানবিক মূল্যবোধের সমন্বিত দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। আর ইউনিভার্সিটি অব বার্মিংহামের অধ্যাপক ড. অমিত বিক্রম দেব তাঁর বৈজ্ঞানিক গবেষণার অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখাবেন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং মানুষের সামগ্রিক বিকাশের দুটি পরিপূরক শক্তি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজর্ষী রায় (এসপিআর) সৎসঙ্গ ইউকে-এর বোর্ড অব ট্রাস্টিজের একজন সদস্য, প্রযুক্তিবিদ, উদ্যোক্তা ও নিবেদিত সমাজসেবক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অলোক চন্দ। তিনি ব্রিটিশ রাজনীতিবিদ, এনএইচএসের ক্লিনিক্যাল পেশাজীবী একজন পরিচিত সমাজনেতা। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আধ্যাত্মিকতা, মানবসেবা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্রিটেনে নিরলসভাবে কাজ করছেন নিয়মিত। জনস্বাস্থ্য সংস্কৃতি, মানবসেবা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর নিবেদিত নেতৃত্ব আজকের দিনে ব্রিটেনের বহুসাংস্কৃতিক সমাজে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত রেখেছে।
অনুষ্ঠানের প্রচারপত্রে ব্যবহৃত সবুজ বৃক্ষের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিবারের প্রতীকী চিত্র যেন পুরো আয়োজনের দর্শনকে এক ফ্রেমে ধারণ করেছে। একটি বৃক্ষ যেমন গভীর শিকড়ের শক্তিতে আকাশ ছুঁতে পারে, তেমনি ভালোবাসা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধায় গড়ে ওঠা একটি পরিবারই সমাজকে স্থিতিশীলতার ভিত্তির পরিচয় দেয়। আধ্যাত্মিকতা সেই শিকড়কে আরও দৃঢ় করে, যার ওপর দাঁড়িয়ে ওঠে সহমর্মিতা, সম্প্রীতি এবং মানবকল্যাণের ভবিষ্যৎ,আগামী ৯ আগস্ট ২০২৬, রবিবার, বিকেল ৪টেয়, বার্মিংহামের সেন্ট পিটার্স অ্যান্ড সেন্ট পল চার্চ হলে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। প্রার্থনা, ধ্যান, ভক্তিমূলক সংগীত, অনুপ্রেরণামূলক আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি হয়ে উঠবে আত্মিক জাগরণ, মানবিক সংযোগ এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য উৎসব।
আজকের বিভক্ত ও উদ্বিগ্ন পৃথিবীতে এই আয়োজন যেন এক আশার প্রদীপ। কারণ সমাজের স্থায়ী পরিবর্তন কেবল আইন, নীতি বা প্রযুক্তির মাধ্যমে আসে না; তা শুরু হয় মানুষের অন্তরে। সেই অন্তর্জাগরণের পথেই সৎসঙ্গ ইউকে জানাচ্ছে এক আন্তরিক আহ্বান, নিজেকে জানা মানুষকে ভালোবাসা পরিবারকে শক্তিশালী করা এসবের মধ্য দিয়েই গড়ে তোলা যায় একটি শান্তিপূর্ণ, মানবিক আগামীর প্রজন্ম।যার সারসত্য হল মানবিকতা ভবিষ্যৎ গড়ার নতুন ইঙ্গিত।
ইনপুট (সুমনা আদক, লন্ডন)