
Imran Khan News: এক সময় ২২ গজে প্রবল প্রতিপক্ষ ইমরান খানের পাশে দাঁড়িয়ে পাকিস্তান সরকারকে (Pakistan Government) চিঠি দিলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar), কপিল দেব-সহ (Kapil Dev) বিভিন্ন দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক। এই চিঠিতে গাভাসকর ও কপিল ছাড়াও স্বাক্ষর রয়েছে মাইকেল আথারটন (Michael Atherton), অ্যালান বর্ডার (Allan Border), মাইকেল ব্রিয়ারলি (Michael Brearley), গ্রেগ চ্যাপেল (Greg Chappell), ইয়ান চ্যাপেল (Ian Chappell), বেলিন্দা ক্লার্ক (Belinda Clark), ডেভিড গাওয়ার (David Gower), কিম হিউজস (Kim Hughes), নাসির হুসেন (Nasser Hussain), ক্লাইভ লয়েড (Clive Lloyd), স্টিভ ওয়া (Steve Waugh) ও জন রাইট (John Wright)। সবারই আর্জি, কারাগারে ইমরানের সঙ্গে ন্যায্য আচরণ করা হোক। তাঁকে প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়া হোক।
কপিল-গাভাসকররা পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন, ‘ইমরান খানের স্বাস্থ্যের অবনতির খবর আসায় অবিলম্বে তাঁর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক। বিশেষজ্ঞ চিকিৎসকরা যেন ইমরানের স্বাস্থ্যের দিকে নজর দেন। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে কারাগারে যেন তাঁর সঙ্গে মানবিক আচরণ করা হয় এবং মর্যাদা দেওয়া হয়। পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা যেন নিয়মিত কারাগারে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পান। বিলম্ব বা কোনওরকম বাধা ছাড়াই যেন ইমরানকে ন্যায্য ও স্বচ্ছ্ আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া হয়।’
পাকিস্তান সরকারকে দেওয়া চিঠিতে কিংবদন্তি ক্রিকেটাররা লিখেছেন, ‘ক্রিকেট ছাড়িয়ে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক পরিপ্রেক্ষিৎ বাদ দিয়েও তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার সম্মান পেয়েছেন। সম্প্রতি তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশ্যে এসেছে। বিশেষ করে কারাগারে তাঁর দৃষ্টিশক্তির অবনতি হয়েছে বলে শোনা যাচ্ছে। গত আড়াই বছর ধরে বন্দি থাকা অবস্থায় তাঁর অবস্থা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।