ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এবার গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সভায় যোগ দিতে ভারতে আসতে পারেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। তাঁকে দিল্লিতে আয়োজিত SCO Civilisational Dialogue-এ পাকিস্তানের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে ইসলামাবাদ।

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এবার গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সভায় যোগ দিতে ভারতে আসতে পারেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। তাঁকে দিল্লিতে আয়োজিত SCO Civilisational Dialogue-এ পাকিস্তানের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে ইসলামাবাদ। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তানের বিদেশ মন্ত্রক শনিবার, ১৪ নভেম্বর এই মনোনয়নের কথা জানিয়েছে। তাদের বক্তব্য, বিভিন্ন সভ্যতার মধ্যে আলোচনা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং SCO-র সদস্য দেশগুলির মধ্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানোই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

তিন বছর পর ভারতে আসতে পারেন পাকিস্তানের কোনও মন্ত্রী

মুসাদ্দিক মাসুদ মালিক যদি ভারতে আসেন, তাহলে তিন বছরেরও বেশি সময় পর কোনও পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর হবে এটি। শেষবার ২০২৩ সালের মে মাসে গোয়ায় SCO বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়। তার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে।

দিল্লিতে কী নিয়ে আলোচনা হবে?

২০-২২ নভেম্বর দিল্লিতে SCO-র প্রথম Civilisational Dialogue Forum অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে সদস্য দেশগুলির পাশাপাশি অন্যান্য আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দেবেন।

আলোচনার সম্ভাব্য বিষয়গুলি হল

  • বিভিন্ন দেশের সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য।
  • ঐতিহাসিক সম্পর্ক ও সাংস্কৃতিক আদানপ্রদান।
  • শিক্ষা ও ঐতিহ্য সংরক্ষণ।
  • বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।
  • পারস্পরিক বোঝাপড়া ও আঞ্চলিক সহযোগিতা।

দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধন করতে পারেন। এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তবে SCO-র মতো বহুপাক্ষিক মঞ্চে অংশগ্রহণকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির নিশ্চিত ইঙ্গিত হিসেবে দেখা ঠিক হবে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, SCO-র সদস্য দেশগুলিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানও সেই আমন্ত্রণ পেয়েছে।