
রাশিয়া এবং এর তেলের প্রধান ক্রেতা দেশগুলোকে (যার মধ্যে ভারত ও চিনও অন্তর্ভুক্ত) শাস্তি দেওয়ার লক্ষ্যে মার্কিন সিনেট একটি বিল অনুমোদন করেছে। 'লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬' (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) নামে নতুন নামকরণ করা এই বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছে। এই বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন সব দেশের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেয়, যারা রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারকের তালিকায় রয়েছে। ৩১ আগস্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস অধিবেশন পুনরায় শুরু হলে অনুমোদনের জন্য বিলটি সেখানে পাঠানো হবে।
বর্তমানে চিন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া হল রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিকারক শীর্ষ পাঁচটি দেশ। এছাড়া এই বিলে রাশিয়ার শীর্ষ নেতা, কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও রাখা হয়েছে। যার মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রয়েছেন। রাশিয়া-বিষয়ক পদক্ষেপগুলোর পাশাপাশি এই বিলটি ১৯৯৬ সালের 'ইরান স্যাংশনস অ্যাক্ট' বা ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করবে। এই আইনটি ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনে।
উভয় দলের (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) সমর্থনপুষ্ট এই বিলটির মূল উদ্যোক্তা ছিলেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম (যিনি ১১ জুলাই মারা যান) এবং ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেনথাল। ইউক্রেন সফরের পর গ্রাহামের আকস্মিক মৃত্যুর পরও উভয় দলের নেতারা বিলটি পাস করাতে এবং ইউক্রেনের মিত্র হিসেবে তাঁর অবদানকে সম্মান জানাতে নতুন উদ্যমে কাজ চালিয়ে যান। প্রয়াত সিনেটরের বোন ডার্লিন গ্রাহাম বলেন, "এই বিলটি রাশিয়ার অর্থনীতিকে সচল রাখা প্রধান দেশগুলোকে একটি সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে—আর তা হল আমেরিকার সঙ্গে ব্যবসা করা অথবা রাশিয়ার সস্তা জ্বালানি কেনা—এর মধ্যে যে কোনও একটিকে বেছে নেওয়া।" ভোটের পর ব্লুমেনথাল সাংবাদিকদের বলেন, "আমরা যা করেছি, তা দেখে গ্রাহাম গর্ববোধ করতেন।" তিনি আরও যোগ করেন, "এই কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক ব্যবস্থা তাদের সবাইকে থামিয়ে দেবে যারা সাহসী ও মুক্ত মানুষের বিরুদ্ধে চালানো এই প্রাণঘাতী) ও অপরাধমূলক আগ্রাসী যুদ্ধে সহযোগী হিসেবে কাজ করছে।"
কিছু ডেমোক্র্যাট সতর্ক করেছেন যে এই বিলটি ট্রাম্পকে শুল্ক আরোপের নতুন ক্ষমতা দেবে—এমন এক সময়ে যখন তিনি তাঁর বাণিজ্য নীতির কেন্দ্রবিন্দুতেই এই ধরনের শুল্ককে রেখেছেন। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স এবং ডন বেয়ার এই আইনের সমালোচনা করে বলেছেন, এটি শুল্ক আরোপের এমন ব্যাপক নতুন ক্ষমতা তৈরি করছে যা প্রেসিডেন্ট অবাধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন, যেমনটা তিনি অতীতে বারবার করেছেন। এক যৌথ বিবৃতিতে মিক্স ও বেয়ার বলেছেন, "ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়ার বেআইনি যুদ্ধের জন্য শাস্তি দেওয়ার লক্ষ্যে সিনেটে আমাদের সহকর্মীদের জরুরি প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে এই বিলটি সেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে না। বরং এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি এড়িয়ে যাওয়ার এবং তাঁর ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে আরও বেশি শুল্ক আরোপের সুযোগ করে দেবে, যার বোঝা শেষ পর্যন্ত আমেরিকানদেরই বহন করতে হবে।"