
World Weather News: ওমানে আগামী কয়েকদিন ধরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশের সিভিল এভিয়েশন অথরিটি। সোমবার থেকে দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে বলে জানানো হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছে যেতে পারে। আগামী দিনগুলিতে আবহাওয়া আরও শুষ্ক এবং চরম আকার ধারণ করবে।
ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের জারি করা সতর্কতা অনুযায়ী, ওমান সাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী দিনে তীব্র গরম অনুভূত হবে। এখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকবে এবং কিছু জায়গায় তা ৫০ ডিগ্রি পর্যন্তও হতে পারে। এই তীব্র গরমের কারণ হল বায়ুমণ্ডলের উপরিভাগে উচ্চচাপ এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস। দেশের অন্যান্য গভর্নরেটেও গরমের দাপট থাকবে। তবে আল উস্তা এবং ধোফার উপকূলীয় অঞ্চলে ওমানের উত্তরাঞ্চল ও অভ্যন্তরীণ এলাকার তুলনায় আবহাওয়া কিছুটা ভালো থাকবে।
এই তীব্র গরমের কথা মাথায় রেখে, কর্তৃপক্ষ দেশের নাগরিক, প্রবাসী এবং বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের চরম সতর্কতা অবলম্বন করতে বলেছে। পরামর্শ হিসেবে বলা হয়েছে, সরাসরি রোদে বেরোনো এড়িয়ে চলতে হবে। দুপুরের দিকে, যখন গরম সবচেয়ে বেশি থাকে, তখন রোদে বেরোনো একেবারেই উচিত নয়। শরীরকে ডিহাইড্রেশন বা অন্যান্য শারীরিক অসুস্থতা থেকে বাঁচাতে প্রচুর পরিমাণে জল পান করার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, ওমান এখন বছরের সবচেয়ে উষ্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আবহাওয়ার পরিবর্তনের দিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।