
ডাল তড়কায় ২৪ ক্যারাট সোনা, কোথায় মিলছে এই পদ? দাম কত? খেতে কেমন? সোনা-দেওয়া ডাল তড়কা পাওয়া যেতে পারে, তা কি ভেবেছিলেন? এই পদ মিলছে সেলিব্রিটি শেফ রণবীর ব্রারের দুবাইয়ের রেস্তোরাঁ ‘কাশকান’-এ।
বাঙালির পাতে সাধারণ ডাল তড়কা হলেও দুবাইয়ে এটি এখন লাক্সারি ফুডে পরিণত হয়েছে। রণবীর ব্রারের সিগনেচার এই পদে হলুদ ডালের উপর দেওয়া হচ্ছে আসল ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাতলা পরত। এই সোনা শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং খাওয়া যায়।
দাম কত?
কাশকান দুবাইয়ের মেনু অনুযায়ী, এই গোল্ড ডাল তড়কার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। দুবাইয়ের মুদ্রায় যার দাম প্রায় ১৫০-১৮০ দিরহাম। সাধারণ ডালের তুলনায় দাম অনেক বেশি হলেও, সোনার জন্যই এর দাম এত।
খেতে কেমন?
যারা খেয়েছেন তাদের মতে, সোনার কোনও আলাদা স্বাদ নেই, এটি শুধু সৌন্দর্য ও বিলাসিতার জন্য। কিন্তু ডালের স্বাদ একেবারে রাজকীয়। দেশি ঘি, কাসুরি মেথি ও স্পেশাল তড়কায় তৈরি এই ডাল মুখে দিলেই গলে যায়। উপরে সোনার ওয়ার্ক দেওয়ায় দেখতে আরও লোভনীয় লাগে।
পরিবেশনেও অভিনবত্ব: সাধারণ বাটির বদলে এই ডাল আসে কাঠের একটি সিন্দুকে। ভাইরাল ভিডিয়োয় রেস্তোরাঁর এক কর্মী বলেন, ‘আমরা ভারতীয়। আমাদের অভ্যাস, যা কিছু দামি, তা সিন্দুকের মধ্যে রাখা হয়। তাই আমরা একে বলি ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’’।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ডালের ভিডিও ভাইরাল। অনেক ফুড ব্লগার একে ‘বিলাসবহুল ভারতীয় খাবারের নতুন সংজ্ঞা’ বলছেন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News