
একটা সাদামাটা সেলফি দেখে কি বোঝা সম্ভব একজন ক্যানসার রোগী আর কতদিন বাঁচবেন? শুনতে অবাক লাগলেও, এমনই দাবি করছেন আমেরিকার গবেষকরা। বস্টনের Mass General Brigham-এর বিজ্ঞানীরা এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন, যা মুখের ছবি দেখেই রোগীর বায়োলজিক্যাল বয়স এবং ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বলে দিতে পারে। এই গবেষণা প্রকাশিত হয়েছে বিখ্যাত জার্নাল _The Lancet Digital Health_-এ, ১৯ অক্টোবর ২০২৬-এ।
এই সিস্টেমের নাম FAHR-Face, পুরো নাম Foundation Artificial Intelligence for Health Recognition। গবেষকরা এটিকে ৪ কোটিরও বেশি মুখের ছবি (WebFace42M ডেটাসেট) দিয়ে প্রশিক্ষণ দিয়েছেন।
এই ফাউন্ডেশন মডেল থেকে দুটি টুল বানানো হয়েছে:
- *FAHR-FaceAge:* এটি রোগীর বায়োলজিক্যাল বয়স মাপে। বায়োলজিক্যাল বয়স মানে শরীর ভিতর থেকে কতটা বুড়ো হয়েছে, যা জন্ম তারিখের বয়সের সঙ্গে না-ও মিলতে পারে। এর ভুলের৪ মার্জিন মাত্র ৫ বছর।
- *FAHR-FaceSurvival:* এটি সরাসরি ক্যানসার রোগীর ছবি দেখে তাঁর বাঁচার সম্ভাবনা বলে দেয়। ৩৪,৩৬৩ জন ক্যানসার রোগীর ছবি দিয়ে একে ট্রেনিং দেওয়া হয়েছে।
গবেষণায় দেখা গেছে, যাদের FAHR-FaceSurvival স্কোর সবচেয়ে বেশি ছিল, তাদের মধ্যে ৫২.৫% রোগী (১২২ জনের মধ্যে ৬৪ জন) ছবি তোলার ৯০ দিনের মধ্যেই মারা গেছেন। আর যাদের স্কোর সবচেয়ে কম, তাদের মধ্যে মাত্র ২.১% রোগী ৯০ দিনে মারা গেছেন।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, AI মুখের আলাদা আলাদা জায়গা দেখে এই সিদ্ধান্ত নেয়।
- বয়স মাপার জন্য AI দেখে নাক থেকে ঠোঁটের দু’পাশের ভাঁজ (nasolabial fold), কপাল এবং কানের পাশের রগের অংশ।
- আর বাঁচার সম্ভাবনা মাপার জন্য AI নজর দেয় চোখের নীচের অংশ এবং নাকের ব্রিজ বা মাঝখানের হাড়ের অংশে।
গবেষকরা আরও দেখেছেন, যারা বেশি ধূমপান, মদ্যপান বা ড্রাগ নেন, তাদের মুখ বায়োলজিক্যালি বেশি বয়স্ক দেখায়। আর যাদের মুখ আসল বয়সের থেকে ৫ বছর বেশি বয়স্ক দেখায়, তাদের মৃত্যুর ঝুঁকি ২১% বেশি। উল্টোটা হলে ঝুঁকি ১৭% কম।
গবেষক ডঃ রেমন্ড ম্যাক জানিয়েছেন, “ডাক্তাররা রোগীকে দেখে আন্দাজ করার চেষ্টা করেন, কিন্তু আয়ু অনুমান করতে আমরা খুব একটা ভালো নই। AI সেই শারীরিক সক্ষমতার ঘাটতি ধরতে পারে।”
তবে এই টুল এখনই হাসপাতালে ব্যবহার হবে না। এটি ডাক্তারের সিদ্ধান্তকে বদলে দেবে না, বরং সাহায্য করবে - কোন রোগীকে কড়া কেমো বা সার্জারি দেওয়া উচিত আর কাকে হালকা চিকিৎসা দেওয়া ভালো, সেই ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে। নেদারল্যান্ডসের ৪,৮৯২ জন রোগীর উপরেও এই মডেল সফলভাবে পরীক্ষা করা হয়েছে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News