
Sweet Curds Tips: ভাইফোঁটার দিন বাড়িতে অতিথি, ভাই-বোনদের ভিড়। আর মিষ্টি দই ছাড়া বাঙালির কোনও উৎসবই অসম্পূর্ণ। কিন্তু দোকানে যাওয়ার সময় পাননি বা মিষ্টি দই আনতে ভুলে গিয়েছেন? ঘাবড়াবেন না! রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়েই মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। রইল সহজ ভাপা দইয়ের রেসিপি।
- জল ঝরানো টক দই - ৪০০ গ্রাম
- কনডেন্সড মিল্ক - ২০০ মিলি
- তরল দুধ - ১০০ মিলি
- এলাচ গুঁড়ো - সামান্য
- ঘি বা মাখন - টিফিন বাক্সে মাখানোর জন্য
প্রণালী:
প্রথমে একটা বড় বাটিতে জল ঝরানো টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন দইয়ে যেন কোনও দানা না থাকে, মিশ্রণটি একদম মসৃণ হতে হবে, এটাই পারফেক্ট ভাপা দইয়ের আসল সিক্রেট। এরপর ওর সঙ্গে কনডেন্সড মিল্ক আর তরল দুধ ঢেলে দিন। সুগন্ধের জন্য ছড়িয়ে দিন সামান্য এলাচ গুঁড়ো। এবার সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। কনডেন্সড মিল্ক ব্যবহার করছেন বলে আলাদা করে চিনি দেওয়ার কোনও দরকার নেই, এতেই মিষ্টি একদম ব্যালেন্সড হবে।
এবার একটা স্টিলের টিফিন বাক্সে সামান্য ঘি বা মাখন মাখিয়ে নিন, যাতে দই আটকে না যায়। মিশ্রণটা তাতে ঢেলে দিন। বাটির মুখটা খুব ভালো করে বন্ধ করুন। ফয়েল পেপার থাকলে সেটা দিয়েও ঢাকতে পারেন। খেয়াল রাখবেন, ভাপানোর সময় ভেতরে যেন এক ফোঁটাও জল না ঢোকে, তাহলে দই জমবে না।
গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল দিন। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসান। জল ফুটতে শুরু করলে বাটিটা সাবধানে তার ওপর বসিয়ে দিন। কড়াইটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে ঠিক ১০ মিনিট ভাপিয়ে নিন। বেশি আঁচে ভাপালে দই ফেটে যেতে পারে।
ব্যাস, আপনার ম্যাজিক তৈরি! গ্যাস বন্ধ করে বাটি পুরোপুরি ঠান্ডা হতে দিন, গরম অবস্থায় ঢাকনা খুলবেন না। ঢাকনা খুলে দেখবেন দই চমৎকার জমে গিয়েছে। এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ভাইফোঁটার স্পেশাল ভাপা দই।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News