
রান্নাঘরে এই অভিজ্ঞতার মুখে কমবেশি সবাইকেই পড়তে হয়। অনেক সময় কুকার বা হাঁড়িতে ভাত ঠিকমতো সেদ্ধ হয় না। খাওয়ার সময় দাঁতের নিচে শক্ত চাল পড়লে বেশ অস্বস্তি হয়। তখন অনেকেই সেই আধসেদ্ধ ভাত ফেলে দেন। কিন্তু একটু বুদ্ধি খাটালেই মাত্র পাঁচ মিনিটে এই শক্ত ভাত নরম করা সম্ভব। ভাত ফেলে দিয়ে নতুন করে রান্না করার কোনো দরকার নেই। কীভাবে এই সমস্যার সমাধান করবেন, চলুন জেনে নেওয়া যাক।
ভাত ঠিকমতো সেদ্ধ না হলে কী করবেন?
কুকারে ভাত শক্ত থেকে গেলে সামান্য জল দিয়ে তা আবার সেদ্ধ করে নেওয়া যায়। তবে আপনি কোন পাত্রে রান্না করছেন, তার ওপর অনেক কিছু নির্ভর করে। কুকারে দুই গ্লাস চাল দিলে সাধারণত সাড়ে তিন থেকে চার গ্লাস জল দিতে হয়। অন্যদিকে হাঁড়িতে ভাত রান্নার সময় মাঝে মাঝে দু-একটা চাল তুলে টিপে দেখতে হয়। চাল শক্ত লাগলে বুঝতে হবে ভাত এখনও সেদ্ধ হয়নি। অনেক সময় হাঁড়ির ওপরের দিকের ভাত সেদ্ধ হয়ে গেলেও মাঝখানে বা নিচের দিকের ভাত শক্ত থেকে যায়। এমন পরিস্থিতিতে পুরো ভাত ফেলে দেওয়ার কোনো মানে হয় না। সামান্য জল ছিটিয়ে আবার একটু জ্বাল দিলেই ভাত সুন্দর নরম হয়ে যায়।
হাঁড়ির জল শুকিয়ে যাওয়ার পরও যদি দেখেন চাল শক্ত আছে, তবে প্রথমেই সামান্য জল যোগ করুন। চাল কতটা শক্ত আছে, তার ওপর ভিত্তি করে জলের পরিমাণ ঠিক করতে হবে। তবে একবারে খুব বেশি জল ঢেলে দেবেন না। বেশি জল দিলে ভাত গলে গিয়ে মণ্ড হয়ে যেতে পারে। পরিমাণমতো জল দেওয়ার পর পাত্রটি ভালো করে ঢাকা দিয়ে দিন।
কম আঁচে রান্না করুন
জল দেওয়ার পর গ্যাস একদম কমিয়ে কয়েক মিনিট রান্না করুন। পাত্রের মুখ ঢাকা থাকলে ভেতরে প্রচুর বাষ্প তৈরি হয়। এই বাষ্পই শক্ত চালকে নরম করতে সাহায্য করে। এই সময় বারবার ঢাকনা খুলবেন না। ঢাকনা খুললে ভেতরের বাষ্প বেরিয়ে যাবে এবং ভাত সেদ্ধ হতে আরও বেশি সময় লাগবে। কয়েক মিনিট পর ঢাকনা খুলে ভাত সেদ্ধ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে পারেন।
রান্না শেষের পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন
ভাত সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তা পরিবেশন করতে তাড়াহুড়ো করবেন না। গ্যাস বন্ধ করার পর অন্তত পাঁচ থেকে দশ মিনিট পাত্রটি ঢাকা দিয়ে রেখে দিন। হাঁড়ির ভেতরের অবশিষ্ট বাষ্পে ভাত আরও সুন্দরভাবে নরম ও ঝরঝরে হয়ে যাবে। এরপর হাতা বা চামচ দিয়ে ভাত তুলে পরিবেশন করতে পারেন।
মাইক্রোওয়েভে শক্ত ভাত নরম করার উপায়
আপনি যদি মাইক্রোওয়েভে ভাত রান্না করেন এবং তা শক্ত থেকে যায়, তবে একটি মাইক্রোওয়েভ-সেফ পাত্রে সেই ভাত নিন। তার ওপর কয়েক চামচ জল ছিটিয়ে দিন। এরপর একটি মাইক্রোওয়েভ-সেফ ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিন। মাঝে মাঝে বের করে চেক করুন ভাত নরম হয়েছে কি না। ভাত পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এই পদ্ধতি অনুসরণ করুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News