
আজকালকার ব্যস্ত জীবনে স্বামী-স্ত্রী বা পার্টনারের একসঙ্গে সময় কাটানোই যেন বিলাসিতা। দুজনেই অফিস থেকে ফিরে একজন ফোনে, আরেকজন টিভিতে। খাবারটাও খাওয়া হয় আলাদা আলাদা সময়ে। কিন্তু জানেন কি, এই ছোট্ট অভ্যাসটাই আপনার সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে? মনোবিদ এবং পুষ্টিবিদরা বলছেন, দিনে অন্তত একবেলা, সেটা সকালের চা হোক বা রাতের ডিনার, সঙ্গীর সঙ্গে বসে খাওয়াটা খুব জরুরি।
যখন আপনারা একসঙ্গে বসে খান, তখন শুধু খাবার নয়, সারাদিনের গল্পটাও শেয়ার হয়। ফোন ছাড়া ২০ মিনিট একে অপরের দিকে তাকিয়ে খাওয়া মানে একে অপরকে গুরুত্ব দেওয়া। এতে মানসিক চাপ কমে, একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে। অনেক কাপল থেরাপিস্টও সম্পর্কের টানাপোড়েন কমাতে প্রথমেই একসঙ্গে ডিনার করার পরামর্শ দেন। একসঙ্গে খাওয়ার সময় ঝগড়া, অফিসের চাপ বা অভিযোগ নয়, বরং হালকা গল্প করুন।
শুধু সম্পর্ক নয়, স্বাস্থ্যের ওপরও এর দারুণ প্রভাব আছে। গবেষণায় দেখা গেছে, যারা একা খান, তারা বেশি ফাস্ট ফুড, বেশি পরিমাণে খেয়ে ফেলেন। আর যখন সঙ্গীর সঙ্গে বসে ধীরে ধীরে খান, তখন খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে, হজম ভালো হয়। একসঙ্গে খেলে আমরা সাধারণত বাড়ির রান্না করা স্বাস্থ্যকর খাবার বেশি খাই। এছাড়া একসঙ্গে খাওয়ার সময় আমাদের শরীরে অক্সিটোসিন, মানে ভালোবাসার হরমোন ক্ষরণ হয়, যা মন ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
তাই আজ থেকেই নিয়ম করুন, যতই ব্যস্ততা থাকুক, দিনের একটা খাবার একসঙ্গে খাবেন। টিভি, মোবাইল বন্ধ রেখে শুধু দুজনে। দেখবেন, এই ২০ মিনিটই আপনার সম্পর্ক আর স্বাস্থ্য দুটোকেই নতুন করে বাঁচিয়ে তুলবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News