
Tourism News: ভুটান (Bhutan) মানেই পারো এয়ারপোর্ট, টাইগার্স নেস্ট আর থিম্পুর বুদ্ধ ডোরডেনমা। এই চেনা ছকের বাইরেও যে একটা গোটা ভুটান আছে, সেটা এবার চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছে থান্ডার ড্রাগনের দেশ। আর সেই লক্ষ্যেই প্রথমবার থিম্পুর বুকে বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা। পাহাড়ের কোলে শান্তির খোঁজে যারা আসেন, তাদের জন্য এবার একগুচ্ছ চমক নিয়ে হাজির হচ্ছে হ্যাপিনেসের দেশ।
কোভিডের (COVID-19) ধাক্কা সামলে উঠলেও ভুটানের পর্যটন এখনও পুরনো ছন্দে ফেরেনি। তার উপর দৈনিক SDF বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি ২০০ ডলার করে দেওয়ায় বহু মধ্যবিত্ত পর্যটক মুখ ফিরিয়েছেন। ফল, অর্থনীতিতে চাপ। এবার সেই ছবিটা বদলাতে মরিয়া ভুটান সরকার। বিশ্বকে বার্তা দিতে চায়, ভুটান শুধু বড়লোকদের দেশ নয়। প্ল্যান করে এলে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেও ঘোরা যায়। আর ভুটান মানে শুধু ৩-৪ দিনের ট্যুর নয়। এটা ৩৬৫ দিনের গন্তব্য। বর্ষায় সবুজ ভুটান, শীতে বরফের ভুটান, সব রূপই আলাদা। এই মেলার মাধ্যমে সেই বার্তাই পৌঁছে দিতে চাইছে তারা।
১. অফবিট ভুটানের দরজা খুলছে: এতদিন ভারতীয়রা বেশিরভাগ পারো, থিম্পু, পুনাখা ঘুরেই ফিরে আসতেন। এবার মেলা থেকে সরাসরি বুক করতে পারবেন হা ভ্যালির শান্ত জনপদ, ফোবজিখা ভ্যালির কালো গলার সারস দেখার ট্রিপ, বুমথাং এর আপেল বাগান আর মনাস্ট্রি ট্যুর। পূর্ব ভুটানের ট্রাশিগাং, মংগার এর মতো ভার্জিন জায়গাগুলোর জন্য নতুন ট্রেক রুট আর রোড ট্রিপ প্যাকেজ লঞ্চ হবে। লোকাল হোম-স্টে এর সঙ্গে টাই-আপ করছে সরকার। ফলে হোটেলের চেয়ে অনেক কম খরচে থাকা-খাওয়ার সুযোগ মিলবে।
২. সংস্কৃতি ছুঁয়ে দেখার সুযোগ: মেলার মাঠেই থাকবে সারা ভুটান। বিখ্যাত মাস্ক ড্যান্স বা চাম নাচ লাইভ দেখতে পারবেন। তীরন্দাজি ভুটানের জাতীয় খেলা। সেই খেলার ডেমো আর প্রতিযোগিতাও থাকবে। ভুটানের মেয়েরা যে কিরা আর ছেলেরা যে ঘো পরে, সেই কাপড় কীভাবে হাতে বোনা হয়, সেটা শিল্পীরা নিজে দেখাবেন। চাইলে কিনতেও পারবেন। লোকাল চিজ, রেড রাইস, এমা দাতশি চেখে দেখার স্টলও থাকছে।
৩. শান্তির খোঁজে ওয়েলনেস ট্যুরিজম: ভুটানের ইউএসপি হল শান্তি। গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এর দেশে এসে মানুষ স্ট্রেস ভুলতে চায়। সেই কথা মাথায় রেখে মেলায় লঞ্চ হচ্ছে একাধিক ওয়েলনেস রিট্রিট। পাহাড়ের কোলে বৌদ্ধ মনাস্ট্রিতে থেকে মেডিটেশন শেখা, ভোরবেলা প্রেয়ার শোনা, বিখ্যাত হট স্টোন বাথ নিয়ে শরীরের সব ব্যথা দূর করা, সব প্যাকেজ এক ছাতার তলায় মিলবে। যারা শুধু ঘোরার জন্য নয়, নিজেকে খোঁজার জন্য ভুটান যেতে চান, তাদের জন্য এটা বড় সুযোগ।
৪. B2B মিটিং, লাভ ভারতেরই: এই মেলার সবচেয়ে বড় অংশ হলো বিজনেস টু বিজনেস মিটিং। আমেরিকা, ইউরোপ, জাপান, থাইল্যান্ড থেকে বড় বড় ট্যুর অপারেটররা আসছেন। ভারত থেকেও শয়ে শয়ে ট্রাভেল এজেন্ট যাচ্ছেন। তারা সরাসরি ভুটানের লোকাল হোটেল মালিক, গাড়ির ড্রাইভার, গাইডদের সঙ্গে কথা বলবেন। মিডলম্যান কমবে। ফলে প্যাকেজের খরচ কমার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, SDF নিয়েও ভারতীয়দের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা হতে পারে।
৫. অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সুখবর: ভুটানকে শুধু মঠ আর শান্তির দেশ ভাবলে ভুল করবেন। এখানে জম্পেশ ট্রেক রুট আছে। জোমোলহারি ট্রেক, ড্রুক পাথ ট্রেক এর পাশাপাশি নতুন কয়েকটা রুট খুলে দেওয়া হচ্ছে। সাইক্লিং, রিভার রাফটিং, ক্যাম্পিং এর প্যাকেজও থাকছে মেলায়। যাঁরা ভিড় এড়িয়ে পাহাড়ের নির্জনতায় হারাতে চান, তাঁদের জন্য এটা স্বর্গ।
ভুটান যেতে ভারতীয়দের ভিসা লাগে না। শুধু পারমিট লাগে। এতদিন SDF আর গাইড মাস্ট থাকায় খরচ বেশি হচ্ছিল। মেলার পর অফবিট জায়গার হোম-স্টে আর লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে খরচ অনেকটা কমানো যাবে। ৭ দিনের ট্যুর যা আগে ৭০-৮০ হাজার পড়ত, সেটা ৪৫-৫০ হাজারে নেমে আসতে পারে। তাই বাজেট ট্রাভেলারদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আন্তর্জাতিক পর্যটন মেলা শেষ হলেই নতুন প্যাকেজগুলো বুকিং শুরু হবে। পুজো বা শীতের ছুটিতে যারা ভুটান যাওয়ার প্ল্যান করছেন, তারা একটু চোখ-কান খোলা রাখুন। পাহাড়ের কোলে শান্তির সাথে এবার পকেটেরও শান্তি মিলতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News