
ইলিশের ভাঁপা তো সবাই পছন্দ করেন, কিন্তু কাতলা ভাঁপাও জুত করে রান্না করলে কোনো অংশে কম যায় না। কিন্তু ইলিশ যেমন ভাবে ভাঁপা করা হয় তেমন সরাসরি ভাঁপা করা যায় না।সেটি হালকা করে ভেজে নিতে হয়।
কাতলা ভাঁপা ইলিশের স্বাদকে হার মানাতে পারে যদি সরষে-পোস্ত বাটা, কাঁচা লঙ্কা এবং কাঁচা সরষের তেলে ভাপানো হয়। এই রেসিপিতে মাছ নুন-হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নেওয়া হয়। এরপর সরষে, পোস্ত, নারকেল কোরা, কাঁচা লঙ্কা, টক দই, হলুদ, নুন ও সরষের তেলের মিশ্রণে মাছ মাখিয়ে স্টিম বা ভাপিয়ে তৈরি করুন এই জিভে জল আনা পদ।
* কাতলা মাছ: ৪-৫ টুকরো * সাদা/কালো সরষে: ২ টেবিল চামচ * পোস্ত: ১ টেবিল চামচ * নারকেল কোরা: ২ টেবিল চামচ (ঐচ্ছিক) * টক দই: ১ টেবিল চামচ (ফেটানো) * কাঁচা লঙ্কা: ৪-৫টি (ঝাল অনুযায়ী) * হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ * কাঁচা সরষের তেল: ৩-৪ টেবিল চামচ * নুন: স্বাদমতো * চিনি: ১/২ চা চামচ (ঐচ্ছিক)।
১. মাছ প্রস্তুত: কাতলা মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। হালকা ভেজে তুলে রাখুন, খুব কড়া ভাজবেন না।
২. মশলা তৈরি: সরষে, পোস্ত, নারকেল কোরা, কাঁচা লঙ্কা এবং সামান্য নুন একসাথে মিহি পেস্ট তৈরি করে নিন । সরষের তেতো ভাব এড়াতে সামান্য নুন দিয়ে বাটা ভালো।
৩. ম্যারিনেশন: একটি টিফিন বক্সে সরষে-পোস্তর মিশ্রণ, ফেটানো দই, হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং ২ টেবিল চামচ কাঁচা সরষের তেল ভালো করে মেশান। এই মশলায় হালকা ভাজা মাছের টুকরোগুলো ডুবিয়ে মাখিয়ে নিন।
৪. ভাপানো: ওপরে চেরা কাঁচা লঙ্কা এবং বাকি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন । টিফিন বক্সের ঢাকনা শক্ত করে আটকে দিন ।
৫. স্টিমিং: একটি বড় পাত্রে বা কড়াইতে জল গরম করুন। জল ফুটলে তার ভেতর টিফিন বক্সটি রাখুন (লক্ষ্য রাখবেন জল যেন টিফিন বক্সের অর্ধেক উচ্চতার বেশি না হয়)। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপান।
৬. পরিবেশন: গ্যাস বন্ধ করে আরও ১০ মিনিট ঢাকা রেখে দিন। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News