
অসুস্থ হলেই বাড়ছে খরচ। কখনও হাসপাতালের বিল, কখনও ওষুধ, আবার কখনও চিকিৎসকের ফি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। সব মিলিয়ে চিকিৎসার খরচ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বহু পরিবার। এবার ভারতের স্বাস্থ্যখাতের খরচ নিয়ে প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। ২০২৩-২৪ অর্থবর্ষে চিকিৎসার পিছনে ভারতীয় পরিবারগুলির পকেট থেকে খরচ হয়েছে ৪.০৬ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত National Health Accounts-এর ২০২৩-২৪ সালের হিসাব অনুযায়ী, ওই অর্থবর্ষে ভারতে মোট স্বাস্থ্যখাতে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯.৫২ লক্ষ কোটি টাকা। এর মধ্যে সাধারণ মানুষ নিজেদের পকেট থেকে খরচ করেছেন ৪.০৬ লক্ষ কোটি টাকা। অর্থাৎ দেশের মোট স্বাস্থ্যখরচের ৪২.৭ শতাংশ এখনও সরাসরি বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালে মাথাপিছু সরাসরি চিকিৎসার খরচ ছিল প্রায় ২,৯০১ টাকা। এই খরচের মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ, ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা, হাসপাতালে ভর্তি এবং অন্যান্য চিকিৎসা পরিষেবা। অর্থাৎ সরকারি স্বাস্থ্য পরিষেবা ও বিমার সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য ব্যক্তিগত সঞ্চয়ের উপর নির্ভর করতে হচ্ছে বহু পরিবারকে।
রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হল, গত এক দশকে সরকারি স্বাস্থ্যখাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে সরকারি স্বাস্থ্যখাতে খরচ ছিল প্রায় ১.৩০ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ৪.১৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক দশকে সরকারি ব্যয় তিনগুণেরও বেশি হয়েছে। দেশের মোট স্বাস্থ্যখরচের ৪৩.৫ শতাংশ এসেছে সরকারি খাত থেকে। তবে GDP-র নিরিখে সরকারি স্বাস্থ্যখাতে ব্যয়ের পরিমাণ ১.৪৩ শতাংশ।
চিকিৎসার খরচের বড় অংশ যাচ্ছে বেসরকারি হাসপাতালগুলিতে। ২০২৩-২৪ অর্থবর্ষে বেসরকারি হাসপাতালের পিছনে খরচ হয়েছে প্রায় ২.৬৭ লক্ষ কোটি টাকা। অন্যদিকে ওষুধের পিছনে খরচ হয়েছে প্রায় ২.৫৩ লক্ষ কোটি টাকা। মোট স্বাস্থ্যখরচের ৩০.২ শতাংশই ব্যয় হয়েছে ওষুধ কেনার জন্য।
রিপোর্টে দেখা যাচ্ছে, বেসরকারি স্বাস্থ্যবিমার মাধ্যমে চিকিৎসার খরচ হয়েছে ৯৭,১৬৭ কোটি টাকা। অন্যদিকে সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যবিমার ক্ষেত্রে খরচ হয়েছে ৩৩,৩৮৫ কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, চিকিৎসার খরচ সামলাতে ব্যক্তিগত স্বাস্থ্যবিমার ভূমিকাও বাড়ছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে রিপোর্টে। মোট স্বাস্থ্যখরচের ৩৮.২ শতাংশ ব্যয় হয়েছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে। অন্যদিকে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবায় খরচ হয়েছে মাত্র ৮.৮ শতাংশ। অর্থাৎ রোগ হওয়ার পরে চিকিৎসার পিছনে বিপুল অর্থ ব্যয় হলেও রোগ প্রতিরোধ ও আগাম স্বাস্থ্য পরীক্ষায় তুলনামূলকভাবে কম খরচ হচ্ছে।
দেশের বিভিন্ন রাজ্যে সরকারি স্বাস্থ্যখাতে মাথাপিছু খরচের ক্ষেত্রেও বড় ফারাক রয়েছে। সিকিমে মাথাপিছু সরকারি স্বাস্থ্যব্যয় ১৬,০২৬ টাকা। অন্যদিকে উত্তরপ্রদেশে এই পরিমাণ মাত্র ১,৩৯৯ টাকা। আবার কেরলে মোট স্বাস্থ্যখরচের ৬৫.২ শতাংশ সাধারণ মানুষ নিজের পকেট থেকে বহন করেছেন। কর্নাটকে সেই হার ২৮.৫ শতাংশ। সব মিলিয়ে রিপোর্টে স্পষ্ট, গত দশ বছরে সরকারি স্বাস্থ্যখাতে বিনিয়োগ বেড়েছে এবং মোট স্বাস্থ্যখরচের তুলনায় সাধারণ মানুষের সরাসরি খরচের অনুপাত কমেছে। কিন্তু এখনও চিকিৎসার বিপুল আর্থিক বোঝা বহন করতে হচ্ছে ভারতীয় পরিবারগুলিকে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News