
ভালোবাসা—শব্দটা যতটা সহজ, অনুভূতিটা ততটাই গভীর। জীবনের কোনও এক সময়, কোনও এক মানুষকে কেন্দ্র করে বদলে যায় সবকিছু। রাত জাগা, অকারণে হাসি, হঠাৎ মন খারাপ—সবকিছুর কেন্দ্রেই থাকে সেই একজন। মনে হয়, এ যেন নিজের মানুষ… যার সঙ্গে নির্দ্বিধায় সব কথা বলা যায়, যার উপর ভরসা রাখা যায় নিঃশর্তভাবে। কিন্তু বাস্তবের সম্পর্ক কি সবসময় এতটাই নিখুঁত থাকে? সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই বুঝতে পারেন—যে সম্পর্কটাকে তাঁরা ভালোবাসা বলে ভেবেছিলেন, সেটাই হয়তো ধীরে ধীরে একতরফা হয়ে উঠছে। সেখানে আপনি দিয়ে যাচ্ছেন—সময়, মনোযোগ, অনুভূতি—কিন্তু বিনিময়ে পাচ্ছেন না সেই সমান গুরুত্ব। আর ঠিক এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক—কারণ এখানে ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে ‘ব্যবহার’। ভাবুন তো—দিনের পর দিন আপনি অপেক্ষা করছেন একটি মেসেজের জন্য। ফোনের স্ক্রিনে চোখ আটকে থাকে। অথচ ওপাশ থেকে কোনও সাড়া নেই।
কিন্তু কোনও প্রয়োজনে হঠাৎ সেই মানুষটাই ফিরে আসে—কথা বলে, সময় চায়, আপনাকে প্রয়োজন হয়… আর কাজ শেষ হলেই আবার দূরত্ব। এই টানাপোড়েনের মধ্যে কোথাও কি আপনি নিজেকে হারিয়ে ফেলছেন না? আবার এমনও হয়—আপনারা একসঙ্গে সময় কাটাচ্ছেন, ঘুরছেন, গল্প করছেন, একে অপরের জীবনের অনেক কিছুই ভাগ করে নিচ্ছেন। কিন্তু বাইরে গেলে, অন্যদের সামনে আপনার পরিচয় শুধুই “বন্ধু”। সেই একটা শব্দ যেন আপনার সমস্ত অনুভূতিকে ছোট করে দেয়। তখন প্রশ্ন জাগে—এই সম্পর্কের আসল জায়গাটা কোথায়? সম্পর্কে ভারসাম্য থাকা খুব জরুরি। ভালোবাসা মানে শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয়, মানসিক সংযোগও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যদি দেখেন, আপনার সঙ্গী কেবল নির্দিষ্ট কিছু মুহূর্তেই আপনাকে গুরুত্ব দিচ্ছেন, আর অন্য সময় আপনি যেন অপ্রাসঙ্গিক—তাহলে বুঝতে হবে কোথাও একটা বড় ফাঁক তৈরি হচ্ছে। আপনি হয়তো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন—দেখা করার জন্য সময় বের করছেন, দূরত্ব পেরিয়ে যাচ্ছেন, ছোট ছোট চেষ্টায় সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন। কিন্তু ওপাশে সেই চেষ্টার কোনও মূল্য নেই।
কৃতজ্ঞতা তো দূরের কথা, আপনার উপস্থিতিটাকেই যেন স্বাভাবিক ধরে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে এই একতরফা দেওয়া-নেওয়া ক্লান্ত করে দেয় মনকে। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন আপনি নিজের মনের কথা বলতে চান। একটা খারাপ দিন, একটা চাপা দুঃখ, একটা অজানা ভয়—সব নিয়ে যখন আপনি তাঁর কাছে যান, আর তিনি সেই জায়গায় পাশে না থেকে দূরে সরে যান। অথচ আনন্দের সময়, ঘোরাঘুরির মুহূর্তে তিনি একেবারে অন্য মানুষ। তখন মনে হয়—আপনি কি শুধু ভালো সময়ের সঙ্গী? আপনি আছেন, কিন্তু তাঁর ‘স্ট্যাটাস’-এ নেই, আপনি হয়তো মাঝেমধ্যেই WhatsApp-এর স্ট্যাটাসে তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন—ছবি, স্মৃতি, ছোট ছোট অনুভূতি। নিজের মতো করে জানান, “এই মানুষটা আমার কাছে স্পেশাল।” কিন্তু খেয়াল করে দেখেছেন? তিনি বন্ধুদের সঙ্গে ছবি দেন, পার্টির মুহূর্ত দেন, নানা মানুষের সঙ্গে স্মৃতি শেয়ার করেন—কিন্তু আপনার ক্ষেত্রে এক অদ্ভুত নীরবতা। যেন আপনাকে দেখাতে চান না, স্বীকার করতে চান না প্রকাশ্যে। এটা শুধু সোশ্যাল মিডিয়ার ব্যাপার নয়—এটা আসলে ‘স্বীকৃতি’-র প্রশ্ন।
কেউ যদি আপনাকে সত্যিই নিজের মানুষ বলে মনে করেন, তবে আপনাকে লুকিয়ে রাখার প্রয়োজন হয় না। তাই বারবার যদি মনে হয়—আপনি তাঁর জীবনে আছেন, কিন্তু তাঁর প্রকাশ্যে নেই—তবে একবার ভেবে দেখুন, এই সম্পর্কটা সত্যিই দু’জনের, নাকি শুধু আপনার একার। ভালোবাসা কখনও কাউকে ছোট করে না, একা ফেলে রাখে না, কিংবা বারবার প্রমাণ দিতে বাধ্য করে না। ভালোবাসা মানে পাশে থাকা—সবসময়, সব অবস্থায়। সেখানে কোনও হিসেব থাকে না, কোনও শর্ত থাকে না। তাই যদি কোনওদিন মনে হয়—আপনি একাই লড়ছেন, একাই দিচ্ছেন, একাই অপেক্ষা করছেন… তবে একটু থামুন। নিজের মনকে প্রশ্ন করুন—এই সম্পর্ক আপনাকে শক্তি দিচ্ছে, না কি ভেঙে দিচ্ছে? কারণ সত্যিটা খুব সহজ— যে ভালোবাসা আপনাকে কাঁদায়, আপনাকে প্রশ্নের মধ্যে ফেলে দেয়, আপনাকে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য করে—সেটা ভালোবাসা নয়, সেটার নাম নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য বেঁচে থাকা একতরফা সম্পর্ক।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News