
Travel Tips: বর্ষায় সুন্দর একটি জায়গা খুঁজছেন ভ্রমণের জন্য? কিন্তু হাতে বেশি সময় বা টাকা নেই? দিঘা গিয়ে সমুদ্র তো অনেক দেখলেন, এবার একটু অন্যরকম কিছু ট্রাই করবেন নাকি? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
আজ আপনাদের পাহাড়, জঙ্গলে ঘেরা এমন এক সুন্দর এবং অফবিট জলপ্রপাতের সন্ধান দেব যা দিঘা (Digha) থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে আপনি চাইলেই নিজের গাড়ি নিয়ে বা গাড়ি বুক করে ঢুঁ মারতে পারেন। আজ কথা হচ্ছে দিঘার অদূরে থাকা ‘মাছা কান্দানা জলপ্রপাত’ (Machha Kandana Waterfall) নিয়ে।
এই জলপ্রপাতটি ওড়িশার সিমিলিপাল জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত। এটি উদালা থেকে ১৮ কিমি ও বারিপদ থেকে ৬৩ কিমি দূরে। দিঘা থেকে এর দূরত্ব প্রায় ১৪০-১৫০ কিমি। সকালে বেরিয়ে সন্ধ্যায় ফিরে আসা যায়, তাই একে ওয়ান ডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই।
এই জায়গাটিকে অনেকে অনেক নামে ডাকেন। কেউ বলেন ‘মাঝ খন্ড’, কেউ বলেন ‘মাচ্ছা কান্দানা’, আবার কেউ বলেন ‘চাউলাভাজা জলপ্রপাত’ ইত্যাদি। স্থানীয় আদিবাসীদের কাছে এটি চাউলাভাজা নামেই পরিচিত।
বর্ষাকালেই এই জলপ্রপাতের আসল রূপ দেখা যায়। শুকনো মরসুমে জলের ধারা কম থাকে, কিন্তু বর্ষায় পাহাড় থেকে নেমে আসা জলে ফুলে ফেঁপে ওঠে মাছা কান্দানা। চারদিকে ঘন সবুজ জঙ্গল, মেঘে ঢাকা পাহাড় আর পাখির ডাক - সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ।
এই স্থানে পৌঁছানোর জন্য ২-৩ কিমি পাহাড়ি পথ হাঁটতে হয়। রাস্তা কিছুটা কাঁচা এবং পিচ্ছিল, কিন্তু হাঁটার পর যখন বিশাল জলপ্রপাতটি চোখের সামনে আসে, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। ফটোগ্রাফি বা প্রি-ওয়েডিং শুটের জন্যও জায়গাটি দারুণ।
১. রুট: দিঘা থেকে জলেশ্বর হয়ে উদালা, তারপর সিমলিপাল টাইগার রিজার্ভের গেট। গেটে জনপ্রতি ও গাড়ির জন্য এন্ট্রি ফি দিতে হয়।
২. গাড়ি: দিঘা থেকে ছোট গাড়ি ভাড়া করলে ৩০০০-৪০০০ টাকায় সারাদিনের জন্য হয়ে যাবে। নিজের বাইক বা গাড়ি থাকলে তো আরও ভালো।
৩. গাইড: জঙ্গলের ভিতরে রাস্তা গুলিয়ে যেতে পারে, তাই ২০০-৩০০ টাকা দিয়ে একজন লোকাল গাইড নিয়ে নেওয়া ভালো।
৪. টিপস: বর্ষায় জোঁকের উপদ্রব থাকে, তাই লম্বা মোজা ও ট্রেকিং জুতো পরুন। খাবার ও জল সঙ্গে রাখুন, ভিতরে দোকান নেই। সকাল সকাল বেরোনোর চেষ্টা করুন, কারণ সন্ধ্যার পর জঙ্গলে থাকা নিরাপদ নয়।
কম বাজেটে দিঘার পাশাপাশি একটু জঙ্গল-পাহাড়-ঝরনার স্বাদ নিতে চাইলে মাছা কান্দানা হতে পারে আপনার এবারের বর্ষার সেরা ঠিকানা।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News