
Pancreatic Cancer: অগ্ন্যাশয়ের ক্যান্সারকে বিশ্বের সবচেয়ে মারাত্মক ক্যান্সার হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি প্রায়শই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় না। যার কারণে প্রতিবছর বহু রোগীর মৃত্যু ঘটে। তবে, এখন এর জন্য একটি বড় স্বস্তির খবর প্রকাশ্যে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) উন্নত পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যান্সারের জন্য একটি যুগান্তকারী নতুন ওষুধের অনুমোদন দিয়েছে।
FDA যে ওষুধটির অনুমোদন দিয়েছে তার নাম Daraxonrasib, বাজারে এটি Rasonque নামে বিক্রি করবে Revolution Medicines সংস্থা। এটি একটি RAS ইনহিবিটর। অগ্ন্যাশয় টিউমারের ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে KRAS জিনের মিউটেশন ক্যান্সারের বৃদ্ধিতে ভূমিকা রাখে। Daraxonrasib এই মিউট্যান্ট KRAS প্রোটিনকে আটকে দিয়ে ক্যান্সারের বিস্তার রোধ করে। কার্যকারিতা দেখে FDA নির্ধারিত সময়ের ৬ মাস আগেই, মাত্র ১-২ মাসের ফাস্ট-ট্র্যাক রিভিউতে অনুমোদন দিয়েছে।
এই ওষুধের ট্রায়াল চালানো হয়েছিল ৫০০ জন মেটাস্ট্যাটিক ক্যান্সার রোগীর উপর, যাদের শরীরে আগের কেমোথেরাপি কাজ করা বন্ধ করে দিয়েছিল। একদলকে নতুন ওষুধ এবং অন্যদলকে সাধারণ কেমোথেরাপি দেওয়া হয়। ফলাফলে দেখা গেছে, কেমোথেরাপিতে যেখানে রোগীরা গড়ে ৬.৭ মাস বেঁচেছেন, সেখানে নতুন ওষুধ খাওয়া রোগীরা গড়ে ১৩.২ মাস বেঁচেছেন। অর্থাৎ বাঁচার সময় প্রায় দ্বিগুন। শুধু তাই নয়, কেমোথেরাপির তুলনায় বমি বমি ভাব ও ক্লান্তির মতো বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম।
এটি এখনই সবচেয়ে আলোচিত বিষয়। কোম্পানির তরফে জানানো হয়েছে, আমেরিকায় এই ওষুধের এক মাসের সাপ্লাইয়ের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লক্ষ টাকা। এক বছরের কোর্সের দাম পড়বে ৪ কোটি টাকারও বেশি। তবে কোম্পানি জানিয়েছে, যাদের ভালো হেলথ ইন্স্যুরেন্স আছে, তারা কো-পে অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে প্রায় বিনামূল্যেই এই ওষুধ পেতে পারেন। ভারতে কবে আসবে, তা এখনও ঘোষণা করা হয়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News