
আয়নার সামনে দাঁড়িয়ে রোজই মনে হয় চুলটা আগের মতো ঘন নেই, বাড়ছেও না। আর অমনি হাত চলে যায় নারকেল তেল বা আমন্ড অয়েলের বোতলের দিকে। কিন্তু তেলটা মাখার সঠিক সময়টা আমরা অনেকেই জানি না। পাড়ার কাকিমা বলবে রাতে মেখে ঘুমিয়ে পড়ো, আবার সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বলবে সকালে ৩০ মিনিট রেখে ধুয়ে নাও।
আসলে ট্রাইকোলজিস্ট আর আয়ুর্বেদ বিশেষজ্ঞরা সবাই একবাক্যে বলছেন রাতটাই হল তেল মাসাজের জন্য সবচেয়ে ভালো সময়। কারণটা খুব সোজা। দিনের বেলায় আমরা দৌড়ঝাঁপ করি, রোদ-ধুলো লাগে। কিন্তু রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীর নিজে থেকেই রিপেয়ার হতে থাকে। এই সময়ে যদি স্ক্যাল্পে হালকা গরম তেল দিয়ে ৫-১০ মিনিট মাসাজ করা যায় তাহলে তেলটা খুব ভালো করে স্ক্যাল্পের মধ্যে ঢোকে। রক্ত চলাচল বাড়ে আর হেয়ার ফলিকলগুলো অ্যাক্টিভ হয়। ফলে নতুন চুল গজাতে সাহায্য করে আর গোড়া মজবুত হয়। সারারাত রাখলে তেলের পুষ্টি গোড়া পর্যন্ত পৌঁছানোর পুরো সময়টা পায়।
এর মানে এই না যে সকালে তেল মাখা যাবে না। অফিস বা কলেজের তাড়া থাকলে স্নানের ৪৫ মিনিট আগে তেল দিয়ে নিতে পারেন। এতে চুল নরম হবে আর একটা ন্যাচারাল শাইন আসবে। কিন্তু সারারাত রাখার মতো Deep Nourishment টা কিন্তু সকালে পাওয়া যাবে না।
তবে শুধু সময় ঠিক হলেই হবে না, মাসাজের টেকনিকও ঠিক রাখতে হবে। তেলটা বেশি গরম করবেন না, কুসুম গরম হলেই ভালো। তারপর নখ দিয়ে নয়, আঙুলের ডগা দিয়ে আলতো করে গোল গোল করে স্ক্যাল্পে মাসাজ করুন। শুধু চুলে মাখলে লাভ নেই, আসল খেলাটা স্ক্যাল্পেই। চাইলে মাসাজের পর গরম তোয়ালে ১০ মিনিট মাথায় জড়িয়ে রাখতে পারেন, এতে তেল আরও ভালো কাজ করবে। রোজ তেল মাখার দরকার নেই। সপ্তাহে ২ বার করলেই যথেষ্ট। রোজ মাখলে বরং স্ক্যাল্পে ময়লা জমে খুশকির সমস্যা হতে পারে।
তাহলে ঝামেলা মিটিয়ে দিই। চুল লম্বা আর ঘন করতে চাইলে রাতেই ভরসা করুন। ঘুমানোর আগে ১০ মিনিট সময় দিন, সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সাথে প্রচুর জল খান আর প্রোটিন যুক্ত খাবার খান। ২-৩ মাস টানা করুন, তফাৎ নিজেই বুঝতে পারবেন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News