
Sikkim Cherry Blossom Festival 2026: জাপানের (Japan) সাকুরা বা চেরি ব্লসমের ছবি দেখে মন ভরে যায়। গোলাপি ফুলে ঢাকা রাস্তা, তার নিচে দাঁড়িয়ে ছবি তোলা - এ যেন এক স্বপ্নের দেশ। কিন্তু জাপান যেতে গেলে লাগে লাখ টাকা, ভিসা, পাসপোর্টের ঝামেলা। এবার সেই স্বপ্নই পূরণ হবে ভারতেই, তাও আবার খুব কম খরচে। হ্যাঁ, ঠিক শুনেছেন। সিকিমের পাহাড়ে এখন ফুটছে জাপানের মতোই চেরি ব্লসম।
দক্ষিণ সিকিমের জনপ্রিয় গন্তব্যস্থল টেমি টি গার্ডেন (Temi Tea Garden)। এটিই সিকিম রাজ্যের একমাত্র চা বাগান এবং অন্যতম সুন্দর জায়গা। ৪৪০ একর জুড়ে বিস্তৃত এই চা বাগানটি ১৯৬৯ সালে সিকিম সরকার তৈরি করেছিল। এখানকার টেমি চা বিশ্ববিখ্যাত। এই চা বাগানের ঢালে, পাহাড়ের কোলে নভেম্বর মাসে যখন হাজার হাজার হিমালয়ান চেরি ফুল ফোটে, তখন মনে হয় যেন গোলাপি চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। চারদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, নিচে চা বাগান, আর ওপরে গোলাপি চেরি ফুল - এই দৃশ্য জাপানের থেকেও কোনও অংশে কম নয়। এই অঞ্চলকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করার লক্ষ্যেই রাজ্য সরকার এই উৎসবের আয়োজন করছে।
এই বছর ১৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে সিকিম চেরি ব্লসম ফেস্টিভ্যাল। নভেম্বরেই সিকিমে চেরি ফুল ফোটার সেরা সময়। জাপানে মার্চ-এপ্রিলে চেরি ফোটে, কিন্তু সিকিমের আবহাওয়ার জন্য এখানে নভেম্বরেই ফোটে। তাই শীতের শুরুতে ঘোরার জন্য এটা বেস্ট টাইম।
এই উৎসব শুধু ফুল দেখা নয়, এটি একটি সম্পূর্ণ কালচারাল এক্সপেরিয়েন্স।
- চেরি ব্লসম ওয়াক: চা বাগানের ভেতর দিয়ে গোলাপি ফুলের রাস্তায় হাঁটার বিশেষ ব্যবস্থা থাকবে। - সাংস্কৃতিক অনুষ্ঠান: স্থানীয় লেপচা, ভুটিয়া, নেপালি সম্প্রদায়ের লোকনৃত্য, গান। - ফুড ফেস্টিভ্যাল: সিকিমের অর্গানিক খাবার - মোমো, থুকপা, গুন্ড্রুক, ছুরপি এবং বিখ্যাত টেমি চা-এর স্টল। - অ্যাডভেঞ্চার ও ফটোগ্রাফি: ফটোগ্রাফি প্রতিযোগিতা, ক্যাম্পিং, বার্ড ওয়াচিং, এবং চা বাগান ট্যুর। - হস্তশিল্প মেলা: স্থানীয় হাতে বোনা উলের জিনিস, থাঙ্কা পেইন্টিং কেনার সুযোগ।
ট্রেনে: কলকাতা থেকে NJP বা শিলিগুড়ি। সেখান থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িতে নামচি হয়ে টেমি। সময় লাগবে প্রায় ৫-৬ ঘণ্টা।
গ্যাংটক থেকে: গ্যাংটক থেকে টেমি টি গার্ডেন মাত্র ১৮ কিমি দূরে। ১ ঘণ্টার রাস্তা।
টেমি টি গার্ডেনের ভেতরেই সরকারি বাংলো আছে। এছাড়া দক্ষিণ সিকিমে প্রচুর হোমস্টে পেয়ে যাবেন ১০০০-১৫০০ টাকায়। একটু ভালো হোটেল নিতে চাইলে নামচি বা রাভাংলায় থাকতে পারেন।
জাপানে চেরি ব্লসম দেখতে ১.৫ - ২ লাখ টাকা লাগে। সেখানে সিকিমে ২ জনের ৩ দিনের ট্রিপ হয়ে যাবে মাত্র ১০,০০০ - ১৫,০০০ টাকায়। তাই নভেম্বরে ভিড় বাড়ার আগে এখনই প্ল্যান করে ফেলুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News