
Super Dad 2026: ভালোবাসা, ত্যাগ এবং নিষ্ঠা এক হৃদয়স্পর্শী উদযাপনে, 'কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্স' (KWBA) সফলভাবে আয়োজন করল 'সুপার ড্যাড ২০২৬'। এটি ছিল ফাদার্স ডে-র এক অনন্য উদ্যোগ, যার লক্ষ্য ছিল সেইসব অসাধারণ পুরুষদের সম্মান জানানো—যারা তাঁদের অদম্য মনোবল, সহানুভূতি এবং নিঃস্বার্থ পরিচর্যার মাধ্যমে পিতৃত্বের ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করেন। প্রথাগত পিতৃত্বের গণ্ডি পেরিয়ে এই অনুষ্ঠানটি কেবল নিবেদিত প্রাণ বাবাই নয়, বরং অনুপ্রেরণাদায়ক 'সিঙ্গেল ফাদার' এবং পোষ্য-পালনকর্তা সংবেদনশীল পুরুষদেরও স্বীকৃতি দিয়েছে। এর পাশাপাশি দায়িত্ববোধ, অধ্যবসায় ও নিঃশর্ত ভালোবাসার সেইসব গল্পকে সামনে নিয়ে এসেছে যা সচরাচর লোকচক্ষুর আড়ালেই থেকে যায়।
সন্তান প্রতিপালন বা অভিভাবকত্বের ধারণা যখন ক্রমশ পরিবর্তিত হচ্ছে, তখন 'সুপার ড্যাড ২০২৬' এমন সব বাবাদের উদযাপনের এক অর্থবহ মঞ্চ হয়ে উঠল, যাঁরা নীরবে বিশাল মানসিক, শারীরিক ও সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নেন। অনুপ্রেরণাদায়ক কাহিনি ও আন্তরিক স্বীকৃতির মাধ্যমে এই উদ্যোগটি পরিবার, সম্প্রদায় এবং বৃহত্তর সমাজ গঠনে বাবার অমূল্য ভূমিকাকে তুলে ধরেছে।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভারতীয় লেখক ও ভারততত্ত্ববিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, 'ভূমি' ব্যান্ডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সৌমিত্র রায় এবং কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্স-এর প্রেসিডেন্ট, গুডএস (Goodace) হাসপাতালের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং গৌরী'স ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট সোমা চক্রবর্তী। পিতৃত্বের নানাবিধ রূপকে সম্মান জানানোর এই উদ্যোগে তাঁরা তাঁদের সমর্থন ও উপস্থিতি দিয়ে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন।
শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, 'সুপার ড্যাড ২০২৬' হয়ে উঠেছিল মানবিক বন্ধন ও নিষ্ঠার এক উৎসব। কর্মজীবনের কঠিন চাপের মাঝেও সন্তান বা পরিবারের পরিচর্যার দায়িত্ব পালনকারী বাবা, জীবনের নানা প্রতিকূলতা জয় করে এগিয়ে চলা 'সিঙ্গেল ফাদার', কিংবা পোষ্য-পালনের মাধ্যমে নিঃশর্ত ভালোবাসা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপনকারী পুরুষ—সব মিলিয়ে জীবনকে সমৃদ্ধ ও সমাজকে শক্তিশালী করে তোলা পরিচর্যার প্রতিটি রূপকেই এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্স-এর প্রেসিডেন্ট, গুডএস হাসপাতালের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং গৌরী'স ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট সোমা চক্রবর্তী বলেন, "আজকের দিনে পিতৃত্ব আর প্রথাগত সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নেই। ত্যাগের প্রতিটি কাজে, পরিচর্যার প্রতিটি মুহূর্তে এবং ভালোবাসার সঙ্গে গ্রহণ করা প্রতিটি দায়িত্বের মধ্যেই এর প্রতিফলন ঘটে। 'সুপার ড্যাড ২০২৬'-এর মাধ্যমে আমরা সেইস ব অসাধারণ পুরুষদের এই মহাকার্যকে উদযাপন করতে চেয়েছি, যাঁরা তাঁদের নিষ্ঠা, মনোবল ও সহানুভূতির মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেন। প্রতিটি বাবারই এমন একটি গল্প থাকে যা সম্মানের দাবি রাখে; আর এই মঞ্চটি সেইসব নেপথ্যের নায়কদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, যাঁদের অবদান জীবনকে গড়ে তোলে এবং সমাজকে শক্তিশালী করে।"
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News