
Travel Tips: কর্মসূত্রে দিল্লিতে থাকেন? সোম থেকে শুক্র অফিস, মেট্রো, জ্যাম আর দূষণে জীবন একেবারে হাঁপিয়ে উঠেছে? দু'দিনের ছুটি পেলেই মনে হয় কোথাও একটু পালিয়ে যাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিই। কিন্তু ছুটির কথা ভাবলেই মাথায় আসে নৈনিতাল, হিমাচল, ঋষিকেশ বা জয়পুরের নাম, আর সেখানেই সমস্যা। এখন এই সব জায়গাতেই উপচে পড়া ভিড়, ট্রেনের টিকিট পাওয়া যায় না, হোটেলের দাম আকাশছোঁয়া, আর শান্তির বদলে জোটে আরও বেশি ক্লান্তি। যদি এমন একটা জায়গার খোঁজ পান যেখানে ভিড় একেবারেই নেই, আছে শুধু নীল জল, সবুজ আরাবল্লি পাহাড় আর বুক ভরা টাটকা অক্সিজেন, তাহলে কেমন হয়? দিল্লির ব্যস্ত শহুরে জীবন থেকে একটু দূরেই রয়েছে এমনই এক হিডেন জেম, যার নাম দমদমা লেক।
দিল্লি থেকে মাত্র ৫৫ থেকে ৬০ কিলোমিটার দূরে, হরিয়ানার গুরুগ্রাম জেলার সোহনা রোডে অবস্থিত এই দমদমা লেক হল হরিয়ানার সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ। চারপাশে আরাবল্লি পর্বতমালা দিয়ে ঘেরা এই লেকটি ব্রিটিশ আমলে ১৯৪৭ সালে বৃষ্টির জল ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। প্রায় ৩০০০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা হয়, ফলে পাখি প্রেমীদের জন্যও এটি স্বর্গরাজ্য।
এই জায়গার সবচেয়ে বড় বিশেষত্ব হল, এখানে একসাথে পাহাড়, জল আর জঙ্গল তিনটের স্বাদই পাওয়া যায়। দমদমার শান্ত নীল জলে বোটিং করার মজাই আলাদা, এখানে প্যাডেল বোট থেকে শুরু করে রো বোট সবই পাবেন। শুধু বোটিং নয়, হরিয়ানা ট্যুরিজমের তরফে এখানে রক ক্লাইম্বিং, র্যাপেলিং, জিপ লাইন, হট এয়ার বেলুনের মতো নানা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থাও রয়েছে, যা আপনার ছুটিকে আরও রোমাঞ্চকর করে তুলবে। আর যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তারা লেকের পাশের আরাবল্লি পাহাড়ে ছোট ট্রেকও করে নিতে পারেন, সকালে পাহাড়ের উপর থেকে পুরো লেকের ভিউটা অসাধারণ লাগে। বন্ধু বা পরিবারের সাথে একদিনের পিকনিকের জন্যও জায়গাটা আদর্শ, লেকের চারপাশে সবুজে ঘেরা অনেক রিসর্ট ও ফার্মহাউস আছে, চাইলে রাতে লেকের ধারে তাঁবুতে ক্যাম্পিংও করতে পারেন।
যাবেন কীভাবে? দিল্লির হৌজ খাস বা রাজীব চক থেকে গুরুগ্রামগামী মেট্রো ধরে হুডা সিটি সেন্টারে নেমে সেখান থেকে ক্যাব বা অটোতে সোহনা রোড হয়ে মাত্র ৩০ মিনিটেই পৌঁছে যাবেন দমদমা লেকে। নিজের গাড়ি থাকলে দিল্লি-গুরুগ্রাম হাইওয়ে ধরে সময় লাগবে দেড় ঘণ্টার মতো। লেকটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে, আর ঘুরতে যাওয়ার সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ। খরচের কথা ভাবলে, লেকে ঢুকতে কোনও এন্ট্রি ফি লাগে না, বোটিং করতে ১০০ থেকে ২৫০ টাকা লাগে আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির প্যাকেজ ১০০০ টাকার মধ্যেই হয়ে যায়। তাই এই উইকেন্ডে ভিড় ঠেলে দূরে কোথাও নয়, কম খরচে ঘুরে আসুন দিল্লির কাছের এই শান্ত নীড় থেকে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News