
দুপুরে ভরপেট খেয়েছেন, পেট একেবারে ভর্তি। কিন্তু বিকেল হতেই মাথার ভেতর কে যেন ফিসফিস করে বলছে, একটু চিপস হলে ভালো হতো, বা আইসক্রিম খেতে ইচ্ছা করছে। খিদে নেই, অথচ মাথায় ঘুরে বেড়াচ্ছে খাবারের চিন্তা। এই অনুভূতির নামই হল ‘ফুড নয়েজ’ বা খাবারের কোলাহল।
অনেকেই ভাবেন এটি পেটুকপনা, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি একটি মনস্তাত্ত্বিক এবং হরমোনাল ঘটনা।
কেন হয় এই ফুড নয়েজ?
প্রথম কারণ হল হরমোন। আমাদের শরীরে ঘ্রেলিন নামে একটি হরমোন আছে যা খিদের সংকেত দেয়। অনেক সময় স্ট্রেস, ঘুম কম হলে বা অনিয়মিত খাওয়া-দাওয়ার কারণে এই হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তখন পেট ভরা থাকলেও মস্তিষ্কে খিদের সংকেত যায়।
দ্বিতীয় বড় কারণ হল মানসিক চাপ ও একঘেয়েমি। আমরা যখন স্ট্রেসে থাকি, বোর হই বা মন খারাপ থাকে, তখন মস্তিষ্ক ডোপামিন খোঁজে। আর সবচেয়ে সহজে ডোপামিন পাওয়া যায় সুস্বাদু খাবার থেকে। তাই মন খারাপ হলেই আমরা অজান্তেই খাবারের দিকে ঝুঁকি। একে বলে ইমোশনাল ইটিং।
তৃতীয় কারণ হল সোশ্যাল মিডিয়া। দিনভর ফোনে বিরিয়ানি, কেক, ফাস্ট ফুডের ছবি ও ভিডিও দেখতে দেখতে আমাদের মস্তিষ্কে ক্রেভিং তৈরি হয়। চোখ দেখে, আর মস্তিষ্ক খেতে চায়। একেই ফুড নয়েজ বলে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফুড নয়েজ কমাতে হলে আগে বুঝতে হবে এটি আসল খিদে নাকি মনের খিদে। আসল খিদে পেলে যে কোনও খাবার খেতে ইচ্ছা করবে, কিন্তু ফুড নয়েজ হলে শুধু নির্দিষ্ট কোনও মুখরোচক খাবার খেতে ইচ্ছা করবে।
এই সমস্যা কাটাতে পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাওয়া, জল খাওয়া এবং স্ট্রেস কমানো জরুরি। খাবারের কথা মাথায় এলেই সঙ্গে না খেয়ে ১০ মিনিট অপেক্ষা করুন, এক গ্লাস জল খান, দেখবেন এই কোলাহল অনেকটাই কমে গেছে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News