
আজকাল প্রেম, ডেটিং, সম্পর্ক সবকিছুর মানেই বদলে গেছে। সিচুয়েশনশিপ, বেনচিং, গোস্টিং-এর মতো শব্দগুলো এখন প্রেমের অভিধানে জায়গা করে নিয়েছে। আর এবার সেই তালিকায় নতুন সংযোজন— ‘লাউড লুকিং’। ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপে এখন এই শব্দটাই ট্রেন্ড করছে। কিন্তু ‘লাউড লুকিং’ আসলে কী?
নাম শুনেই এর অর্থ অনেকটা স্পষ্ট। ‘লাউড লুকিং’ মানে হলো আপনি যে একটি সম্পর্কে জড়াতে চাইছেন, তা খোলাখুলি ভাবে, জোর গলায় প্রকাশ করা। লুকোচুরি নয়, সরাসরি বলা।
যিনি এই পন্থা অনুসরণ করেন, তিনি ‘ক্যাজুয়াল ডেটিং’-এর ভান করেন না কিংবা অস্পষ্ট মেসেজের আড়ালে নিজের উদ্দেশ্য লুকিয়ে রাখেন না। তিনি খোলাখুলি বলেন তিনি কী চান।
এর মানে কি প্রথম ডেটেই বিয়ে?
একদমই নয়। এর অর্থ এই নয় যে প্রথম ডেটেই বিয়ের পরিকল্পনা সেরে ফেলতে হবে বা পার্টনারকে চাপ দিতে হবে।
বরং এর অর্থ হলো সততা। ‘দেখা যাক কী হয়’, ‘আমি এখন কিছুই ভাবছি না, জাস্ট চিল করি’— এমন ধোঁয়াশা তৈরি না করে সরাসরি বলা, ‘আমি সঠিক মানুষ পেলে একটি সিরিয়াস সম্পর্কে যেতে চাই। আমি সময় নষ্ট করতে চাই না।’
কেন এই ট্রেন্ড জনপ্রিয় হচ্ছে?
মনোবিদরা বলছেন, এই সামান্য চিন্তাধারার পরিবর্তনই কথোপকথনের পুরো সুর বদলে দেয়।
১. সময় নষ্ট আটকায়: আজকাল অনেকেই মাসের পর মাস ‘ক্যাজুয়াল’ বলে সম্পর্ক টেনে নিয়ে যায়, কিন্তু সিরিয়াস হয় না। লাউড লুকিং শুরুতেই স্পষ্ট করে দেয় যে দু’জনের লক্ষ্য এক কি না।
২. মানসিক শান্তি: আপনি কী চান তা স্পষ্ট জানালে অযথা ‘সে কী ভাবছে’, ‘এটা কি আদৌ সম্পর্ক’— এই ধরনের উদ্বেগ কমে।
৩. সঠিক মানুষ খুঁজে পাওয়া সহজ: যখন আপনি খোলাখুলি বলেন যে আপনি একটি সুস্থ, সিরিয়াস সম্পর্ক খুঁজছেন, তখন যারা শুধু টাইমপাস করতে চায়, তারা নিজের থেকেই সরে যায়। আর যারা আপনার মতোই ভাবছে, তারা কাছে আসে।
বিশেষজ্ঞদের মতে, লাউড লুকিং মানে মরিয়া হয়ে প্রেম খোঁজা নয়। এর মানে হলো নিজের চাওয়া নিয়ে লজ্জা না পাওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে তা প্রকাশ করা। তাই পরেরবার কেউ জিজ্ঞেস করলে ‘কী খুঁজছো’, ঘুরিয়ে না বলে সত্যিটাই বলুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News