ওষুধ-খাবার একই তবুও শীতে বাড়ছে ব্লাড সুগার? ৬০ পেরোলে এই ৫ ভুলে বিপদ বাড়ছে, এখনই সাবধান হন

Published : Nov 19, 2026, 02:24 PM IST
Diabetes Affects Men and Women Differently

সংক্ষিপ্ত

শীতে কেন বেড়ে যেতে পারে ব্লাড সুগার? ঠান্ডা আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে শরীরকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যাঁদের মেটাবলিক কন্ট্রোল দুর্বল, তাঁদের রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যাওয়ার ভয় থাকে।

ঠান্ডা আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে শরীরকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, যাঁদের শরীরের বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিক কন্ট্রোল দুর্বল, তাঁদের রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যাওয়ার ভয় থাকে। খাবার বা ওষুধের পরিমাণে কোনও পরিবর্তন না হলেও এমনটা হতে পারে। চিকিৎসকদের মতে, ভারতে ৬০ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে প্রায় ১৪ শতাংশের ডায়াবেটিস রয়েছে। পাশাপাশি, প্রবীণদের ৭০ শতাংশেরও বেশি অন্তত একটি দীর্ঘস্থায়ী অসুখে আক্রান্ত। ফলে ঠান্ডা তাঁদের শরীরে বাড়তি চাপ তৈরি করতে পারে।

রক্ত সঞ্চালনে সমস্যা তৈরি করে ঠান্ডা:

শরীরের তাপমাত্রা ধরে রাখতে ঠান্ডায় হাত, পা ও পায়ের পাতার রক্তনালিগুলি সংকুচিত হয়ে যায়। এর ফলে ওই অংশগুলিতে রক্ত চলাচল কমে যায়। যাঁদের ডায়াবেটিস রয়েছে বা পেরিফেরাল আর্টারি ডিজিজের (Peripheral Artery Disease) কারণে আগে থেকেই রক্ত সঞ্চালন দুর্বল, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। রক্তনালি সংকুচিত হওয়ার ফলে রক্তচাপও বেড়ে যেতে পারে, যা হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ তৈরি করে। খারাপ রক্ত সঞ্চালনের কারণে আঘাত পেলে ক্ষতির আশঙ্কাও বাড়ে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের (NIA) নির্দেশিকাতেও প্রবীণদের ক্ষেত্রে শীতের এই ঝুঁকির কথা বলা হয়েছে।

ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন কেন জরুরি?

শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, গোড়ালি ফেটে যাওয়া খুবই সাধারণ সমস্যা। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিষয়টি অবহেলা করা উচিত নয়। কারণ রক্ত সঞ্চালন কম থাকলে এবং ক্ষত সারতে বেশি সময় লাগলে পায়ের সামান্য ফাটল থেকেও আলসার বা গুরুতর সংক্রমণ তৈরি হতে পারে। তাই প্রতিদিন অন্তত একবার পায়ের তলা, গোড়ালি এবং আঙুলের ফাঁক পরীক্ষা করা প্রয়োজন। কোথাও ফাটল, লালচে ভাব বা চাপের কারণে ক্ষত তৈরি হচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে। মাত্র দু'মিনিটের এই অভ্যাস বড় সমস্যা এড়াতে সাহায্য করতে পারে।

শীতে কমে যেতে পারে শারীরিক সক্রিয়তা

ঠান্ডায় জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে। আবার ঠান্ডা মেঝেতে পিছলে পড়ার ভয়ে অনেক প্রবীণই হাঁটাচলা কমিয়ে দেন। ফলে শারীরিক পরিশ্রম ও নড়াচড়া কমে যায়। এর প্রভাব পড়ে ইনসুলিনের কার্যকারিতার উপর। শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। অন্যদিকে, শীতে অনেকের খিদে বেড়ে যায়। দাঁত বা মাড়িতে ব্যথা থাকলে নরম খাবারের দিকে ঝোঁক বাড়ে। যেমন চিনি মেশানো পায়েস বা নরম পোরিজ। এই ধরনের খাবার সহজে খাওয়া গেলেও খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে।

শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কী কী করবেন?

শীতকালে প্রবীণদের ঘরের তাপমাত্রা স্বাভাবিক ও আরামদায়ক রাখা জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের পরামর্শ অনুযায়ী, ঘরের তাপমাত্রা অন্তত ৬৮ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস রাখা ভালো। কারণ ৬০-৬৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সামান্য ঠান্ডা ঘরেও বয়স্কদের হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়াও কয়েকটি বিষয়ে নজর রাখা প্রয়োজন। একাধিক মোটা পোশাকের বদলে ঢিলেঢালা ও বাতাস চলাচল করতে পারে এমন কয়েকটি স্তরের পোশাক পরা ভালো। শুষ্ক ত্বকে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে হবে। তবে পায়ের আঙুলের ফাঁকে ক্রিম লাগানো উচিত নয়। কারণ সেখানে আর্দ্রতা জমে ছত্রাকের সংক্রমণ হতে পারে। এই সময় নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা, পর্যাপ্ত জল পান করা এবং সুষম খাবার খাওয়া জরুরি। অতিরিক্ত মিষ্টি বা নরম খাবারের উপর নির্ভর না করে পুষ্টিকর খাবার বেছে নিতে হবে। বাড়ির ভিতরেই হালকা হাঁটাচলা বা ধীরে ধীরে কয়েকবার ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে পারেন।

পরিবারের সদস্যদের পরিচর্যা গুরুত্বপূর্ণ:

বয়স্ক ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পরিবারের সদস্যদেরও বিশেষ দায়িত্ব রয়েছে। নিয়মিত ওষুধ খাচ্ছেন কি না, সময় মতো খাবার খাচ্ছেন কি না, শরীরে অস্বাভাবিক কোনও উপসর্গ দেখা দিচ্ছে কি না, সে দিকে নজর রাখতে হবে। রক্তে শর্করার মাত্রায় অস্বাভাবিক ওঠানামা বা নতুন কোনও শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Old Saree Reuse: পুরনো শাড়ি ফেলবেন না! ঘর সাজানোর দারুণ ৭টি আইডিয়া
পাওয়ার ব্যাংক ব্যবহারের সময় এই ৫ মারাত্মক ভুল করবেন না, নষ্ট হবে ফোনের ব্যাটারি, বাড়বে বিস্ফোরণের ঝুঁকি