
Indonesia Masters 2026 News: ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ১০০ চলাকালীন কোর্টের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন ভারতের ব্যাডমিন্টন তারকা অস্মিতা চালিহা (Ashmita Chaliha)। এই টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়ামের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সেখানে ধোঁয়াশার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন অস্মিতা। একইসঙ্গে ভারতে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বায়ুদূষণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গও টেনে আনেন এই ভারতীয় শাটলার। তিনি লিখেছেন, ‘ভাবুন তো, এই টুর্নামেন্ট যদি ভারতে হত! এতক্ষণে বাতাসের মান, ধোঁয়া বা দূষণ নিয়ে কত অভিযোগ আর বিতর্কই না শুরু হয়ে যেত!’
অস্মিতার এই মন্তব্য এসেছে চলতি বছরের ইন্ডিয়া ওপেনকে (India Open 2026) ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে। দিল্লিতে (Delhi) আয়োজিত সেই প্রতিযোগিতা চলাকালীন বায়ুদূষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ডেনমার্কের (Denmark) শাটলার অ্যান্ডার্স অ্যান্টনসেন (Anders Antonsen) দূষণের কথা উল্লেখ করে এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেন। তিনি এর জন্য জরিমানা দিতেও রাজি হন। পাশাপাশি পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অপর এক ড্যানিশ শাটলার মিয়া ব্লিচফেল্ট (Mia Blichfeldt)। এরপর ভেন্যুতে পাখির বিষ্ঠা এবং বাঁদরের উপস্থিতি নিয়েও বিতর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে আয়োজকদের কাছে ব্যাখ্যাও চেয়েছিল ক্রীড়ামন্ত্রক। তবে কয়েক মাস পর সেই ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামেই (Indira Gandhi Indoor Stadium) আয়োজিত হয় বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ (2026 BWF World Championships)। গত মাসে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় দূষণের সমস্যা ছিল না। পরিচ্ছন্নতা ও ভেন্যু ব্যবস্থাপনার দিকেও দেওয়া হয়েছিল বাড়তি নজর। ফলে বছরের শুরুতে সমালোচনার মুখে পড়া একই ভেন্যু আন্তর্জাতিক ব্যাডমিন্টনের অন্যতম বড় আসর সফলভাবে আয়োজন করে। অস্মিতার পোস্ট ফের সেই পুরনো বিতর্ককে সামনে নিয়ে এসেছে। ভারতে আয়োজিত প্রতিযোগিতার ক্ষেত্রে বায়ুদূষণ ও ভেন্যুর পরিবেশ নিয়ে যে ধরনের কড়া প্রশ্ন ওঠে, বিশ্বের অন্য জায়গায় একই ধরনের পরিস্থিতি দেখা গেলে কি সেই মানদণ্ড বজায় থাকে?
Ashmita Chaliha on the stadium condition during Indonesia Masters (Super 100)
📷 - Her IG pic.twitter.com/H8Yr2Iv1As— 🇮🇳 Thomas Cup 22 🏆 (@Anmolkakkar27) September 2, 2026
তবে বিতর্কের বাইরে কোর্টে দুর্দান্ত ছন্দে অস্মিতা। ইন্দোনেশিয়া মাস্টার্সে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের এই শাটলার। প্রথমে থাইল্যান্ডের পনপিচা চোয়েকেওয়ংকে ২১-১৭, ২৩-২১ গেমে হারান তিনি। এরপর শেষ ষোলোয় মালয়েশিয়ার গো জিন ওয়েইকে ১০-২১, ২১-১০, ২১-১৭ গেমে হারিয়ে শেষ আটে পৌঁছে যান শীর্ষবাছাই অস্মিতা। এবার কোয়ার্টার ফাইনালে তাঁর লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া। মাঠের বাইরের মন্তব্যের পাশাপাশি কোর্টের পারফরম্যান্স দিয়েও ইন্দোনেশিয়া মাস্টার্সে নজর কাড়তে চাইছেন ভারতীয় শাটলার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।