
Asian Games 2026 Medal Update: শুক্রবার এশিয়ান গেমসে সোনার দিন ভারতের। এদিন দুপুরে ৩০ মিনিটের মধ্যে তিন আলাদা ইভেন্টে সোনা জিতল ভারত। প্রথমে মহিলাদের বক্সিংয়ের ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন পারভিন হুডা (Parveen Hooda)। এরপর পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা জেতেন সুজিত কলকল (Sujeet Kalkal)। এরপর পুরুষদের বক্সিংয়ের ৮০ কেজি বিভাগে সোনা জেতেন অঙ্কুশ পাংহাল (Ankush Panghal)। এশিয়ান গেমসে ভারতীয়দের একই দিনে একাধিক সোনা জয় বিরল ঘটনা। সেখানে আধঘণ্টার মধ্যে তিন ভারতীয় ক্রীড়াবিদের সোনা জয় বিরলের মধ্যে বিরলতম ঘটনা। পারভিনদের এই সাফল্যে সারা দেশের ক্রীড়ামহলে খুশির জোয়ার। ভারত এদিনই আরও সোনা জিততে পারে। এরপর পুরুষদের হকি, পুরুষদের ক্রিকেটেও সোনা আসতে পারে।
পারভিন, অঙ্কুশ, সুজিতের সোনা জয়ের সুবাদে চলতি এশিয়ান গেমসে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠে এল ভারত। এখনও পর্যন্ত ১৫ সোনা, ২৫ রুপো ও ৩৫ ব্রোঞ্জ জিতেছে ভারত। মোট পদকের সংখ্যা ৭৫। এই সাফল্যের পর প্রথমবার এশিয়ান গেমসে ১০০ পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। তবে এই স্বপ্নপূরণ হওয়া কঠিন। ১০০ পদক না এলেও, ভারতীয় ক্রীড়াবিদদের এই সাফল্য যথেষ্ট কৃতিত্বের।
শুক্রবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার (South Korea) কিম মিনসিংয়কে (Kim Minseong) ৪-০ হারিয়ে সোনা জিতলেন অঙ্কুশ। শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন এই ভারতীয় বক্সার। পাঁচ বিচারকের মধ্যে চারজনের সিদ্ধান্তই তাঁর পক্ষে যাওয়ায় জয় পান অঙ্কুশ। পারভিনকে অবশ্য লড়াই করে জয় পেতে হয়। চিনা তাইপেইয়ের (Chinese Taipei) শ্যেনের (Chen) বিরুদ্ধে ৩-২ জয় পেলেন পারভিন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে (2024 Paris Olympics) ব্রোঞ্জ জিতেছিলেন শ্যেন। এবার অবশ্য তিনি পারভিনকে টেক্কা দিতে পারলেন না। এদিন ফাইনালে তাজিকিস্তানের (Tajikistan) আবুল মাহজিদের (Abul Mahzid) মুখোমুখি হয়েছিলেন সুজিত। তিনি শুরুতে পিছিয়ে পড়েছিলেন। তারপর প্রত্যাবর্তন ঘটিয়ে সোনা জিতলেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।