Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের পারফরম্যান্স ভালো। বেশ কয়েকটি ইভেন্টে পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। কিন্তু গ্রেকো-রোমান কুস্তিতে (Greco-Roman Wrestling) সোনা জিততে পারলেন না কোনও ভারতীয় কুস্তিগীর। এই সোনা অধরা থেকে গেল।

Asian Games 2026 Greco-Roman Wrestling: এবারের এশিয়ান গেমসেও গ্রোকো-রোমান কুস্তিতে সোনা পেল না ভারত। এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনার দীর্ঘ খরা কাটানোর একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন নীতেশ সিওয়াচ (Nitesh Siwach)। কিন্তু পুরুষদের ৯৭ কেজি বিভাগের ফাইনালে জাপানের (Japan) ইউরি নাকাজাতোর (Yuri Nakazato) কাছে ০-৪ ব্যবধানে হেরে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল এই ভারতীয় কুস্তিগীরকে। ফাইনালে জয় পেলেই ইতিহাস তৈরি করতে পারতেন নীতেশ। এশিয়ান গেমসে গ্রেকো-রোমান কুস্তিতে সোনার জন্য ভারতের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে জাপানি কুস্তিগীরের রক্ষণ ভেদ করতে পারলেন না নীতেশ।

নীতেশকে টেক্কা দিলেন জাপানি কুস্তিগীর

বৃহস্পতিবার দিনের শুরুতে পরপর দু’টি দাপুটে জয় তুলে নিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে যান নীতেশ। কিন্তু ফাইনালে শুরু থেকেই তাঁকে আটকে রাখেন নাকাজাতো। দুর্দান্ত রক্ষণে ভারতীয় কুস্তিগীরকে বারবার হতাশ করেন জাপানি প্রতিপক্ষ। সুযোগ পেলেই নিজের পয়েন্ট তুলে নেন তিনি। ম্যাচের শুরুতেই নীতেশ টু-অন-ওয়ান গ্রিপ তৈরি করে আক্রমণে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নাকাজাতো দ্রুত সেই পরিস্থিতি সামলে নেন। তিনি নীতেশকে আক্রমণের সুযোগ দেননি। এরপর ভারতীয় কুস্তিগীরকে ম্যাটের বাইরে ঠেলে দিয়ে প্রথম পয়েন্ট তুলে নেন জাপানি কুস্তিগীর। প্যাসিভিটির জন্য নীতেশকে গ্রাউন্ড পজিশনেও যেতে হয়। সেখান থেকেও পয়েন্ট বাড়ানোর সুযোগ পেয়েছিলেন নাকাজাতো। তবে দুর্দান্ত রক্ষণে নাকাজাতোকে আটকে দেন নীতেশ। গাট-রেঞ্চ করার মতো প্রয়োজনীয় গ্রিপ তৈরি করতে দেননি তিনি। কিন্তু নিজের জন্যও কোনও স্কোরিংয়ের সুযোগ তৈরি করতে পারেননি ভারতীয় কুস্তিগীর। ফলে প্রথম পর্ব শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকেন নাকাজাতো। দ্বিতীয় পর্বেও একই ছবি দেখা যায়। নীতেশ আক্রমণের রাস্তা খুঁজে চললেও জাপানি প্রতিপক্ষ তাঁকে বারবার থামিয়ে দেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে নীতেশকে ভারসাম্যহীন করে ফেলেন নাকাজাতো। সেই সুযোগ কাজে লাগিয়ে টেকডাউন করে ব্যবধান বাড়িয়ে দেন তিনি।

১৯৬২ সালের পর থেকে সোনা অধরা ভারতের

এশিয়ান গেমসে গ্রেকো-রোমান কুস্তিতে ভারতের শেষ সোনা এসেছিল ১৯৬২ সালে। সেবার ৫২ কেজি বিভাগে মালওয়া সিং এবং ৯৭ কেজির বেশি বিভাগে গণপত আন্দালকর সোনা জিতেছিলেন। এরপর থেকে আর কোনও ভারতীয় গ্রেকো-রোমান কুস্তিগীর এশিয়ান গেমসে সোনা জিততে পারেননি। এবারও সোনা এল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।