
Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে ফের বিরাট ব্যবধানে জয় ভারতের মহিলা হকি দলের। বুধবার পুল বি-র ম্যাচে থাইল্যান্ডকে (Thailand) ২০-১ উড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিল ভারতীয় দল। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় ভারতীয় দল। ম্যাচের প্রায় প্রতিটি মুহূর্তেই প্রতিপক্ষকে চাপে রাখেন ভারতের খেলোয়াড়রা। ভারতীয় দলের হয়ে একাই নয় গোল করেন দীপিকা সেহরাওয়াত (Deepika Sehrawat)। তিনি ২, ৮, ৯, ২৪, ৩৩, ৩৬, ৩৯, ৫১ ও ৫৭ মিনিটে গোল করেন। চলতি এশিয়ান গেমসে মাত্র তিন ম্যাচ খেলেই তাঁর গোলসংখ্যা হয়ে গিয়েছে ২০। টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়েছেন নবনীত কউর (Navneet Kaur) ও ঋতুজা পিসাল (Rutuja Pisal)। নবনীত ৪, ২৯, ৩৫ ও ৫১ মিনিটে চারটি গোল করেন। ঋতুজা ১০, ১১ ও ৪৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
থাইল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের হয়ে নেহা (১৯ মিনিট), লালরেমসিয়ামি হামারজোতে (২৬ মিনিট), সাক্ষী রানা (২৯ মিনিট) এবং অধিনায়ক সলিমা তেতে (৪৫ মিনিট) একটি করে গোল করেন। থাইল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন সুপানসা সামানসো (৫৭ মিনিট)। এশিয়ান গেমসে মহিলা হকিতে এটি ভারতের অন্যতম বড় জয়। হাংঝাউ ২০২৩ এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় মহিলা হকি দল চলতি এশিয়ান গেমসে প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯-০ এবং দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৭-১ গোলে হারিয়ে দেয়। থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। প্রথম ১০ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দীপিকা। এরপর নবনীতের একটি এবং ঋতুজার দুটি গোলে প্রথম কোয়ার্টারেই ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে আরও পাঁচ গোল করে ভারত। ফলে হাফটাইমে স্কোরলাইন দাঁড়ায় ১১-০। তৃতীয় কোয়ার্টারে আরও পাঁচবার থাইল্যান্ডের জালে বল পাঠিয়ে শেষ ১৫ মিনিটে ১৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে থাকা থাইল্যান্ড শেষ কোয়ার্টারে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ভারত আরও চার গোল করলেও ৫৭ মিনিটে সুপানসার পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান কমায় থাইল্যান্ড।
পরের ম্যাচে শুক্রবার আয়োজক দেশ জাপানের (Japan) মুখোমুখি হবে ভারতীয় দল। পুল বি-র পঞ্চম দল সিঙ্গাপুর। চলতি এশিয়ান গেমসে মহিলা হকি প্রতিযোগিতার গুরুত্ব আরও বেশি। কারণ, এই টুর্নামেন্টটি লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জনের মঞ্চ হিসেবেও কাজ করছে। এশিয়ান গেমসে সোনাজয়ী দল সরাসরি ২০২৮ অলিম্পিক্সের টিকিট পাবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।