Asian Games 2026 News: এশিয়ান গেমসে কবাডিতে (Kabaddi) বরাবরই সেরা শক্তি ভারত। এবারের এশিয়ান গেমসেও কবাডিতে সোনা জয়ের অন্যতম দাবিদার ভারতীয় দল। শুরু থেকেই দাপট দেখিয়ে ফের খেতাব জয়ের দিকে এগিয়ে চলেছে ভারত।

DID YOU
KNOW
?
কবাডিতে সেরা ভারত
এশিয়ান গেমসের ইতিহাসে পুরুষদের কবাডিতে সফলতম দল ভারত। এবারও শুরু থেকেই ভারতীয় দলের দাপট দেখা যাচ্ছে।

Asian Games 2026 Kabaddi: বরাবরের মতো এবারের এশিয়ান গেমসেও কবাডিতে দুর্দান্ত ছন্দে ভারতীয় দল। মঙ্গলবার জাপানের (Japan) টোকাই সিটিজেনস জিমন্যাশিয়ামে (Tokai Citizens Gymnasium) গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে (Republic of Korea) ৬৩-৩১ ব্যবধানে উড়িয়ে দিল সুনীল কুমারের (Sunil Kumar) নেতৃত্বাধীন ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় ভারত। সোমবারই আয়োজক জাপানকে ৪৯-২৪ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। কোরিয়ার বিরুদ্ধেও সেই ছন্দ ধরে রাখেন ভারতীয় কাবাডি খেলোয়াড়রা। রেইডাররা বারবার কোরিয়ার ডিফেন্স ভেঙে পয়েন্ট তুলে নেন। অন্যদিকে ভারতীয় ডিফেন্ডারদের দাপটে কোরিয়ার রেইডাররা ধারাবাহিকভাবে আক্রমণ গড়ে তুলতেই পারেননি।

দাপট দেখিয়ে জয় ভারতের

ভারতের রেইডিং বিভাগ থেকে আসে ৩৮টি আউট পয়েন্ট। সেখানে কোরিয়ার সংগ্রহ মাত্র ২৩ পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই এই ব্যবধান ভারতের নিয়ন্ত্রণ স্পষ্ট করে দেয়। প্রথমার্ধ শেষেই ভারত এগিয়েছিল ৩৪-১৪ ব্যবধানে। প্রথমার্ধে ভারত ২৩টি আউট পয়েন্টের পাশাপাশি সাতটি বোনাস পয়েন্টও সংগ্রহ করে। দু’টি অল-আউটও ব্যবধান আরও বাড়িয়ে দেয়। বিপরীতে প্রথমার্ধে ভারতীয় রক্ষণের বিরুদ্ধে মাত্র ১০টি টাচ পয়েন্ট তুলতে সক্ষম হয় কোরিয়া। তারা দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ভারতের বিশাল লিডে কোনওরকম প্রভাব ফেলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ভারত আরও ২৯ পয়েন্ট সংগ্রহ করে। যার মধ্যে ছিল আরও একটি অল-আউট। পুরো ম্যাচে ভারতের বোনাস পয়েন্টের সংখ্যা দাঁড়ায় ১৭। দ্বিতীয়ার্ধে কোরিয়া ১৭ পয়েন্ট তুললেও ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। শেষপর্যন্ত ৩২ পয়েন্টের ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে ভারত

অপরাজিত ভারতীয় দল

এই জয়ের ফলে গ্রুপ এ-তে দুই ম্যাচের পর অপরাজিত রইল ভারত। প্রথম ম্যাচে জাপানকে হারানোর পর এবার কোরিয়াকেও হারিয়ে দিল ভারত। বুধবার পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার চিনা তাইপের মুখোমুখি হবে ভারতীয় দল। গত ১০টি এশিয়ান গেমসের মধ্যে নয় বার কবাডিতে সোনা জিতেছে ভারত। এবারও সেই সোনার ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই এগোচ্ছে ভারতীয় দল। এদিকে ভারতের মহিলা কবাডি দল বুধবার গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে। সোমবার বাংলাদেশকে হারিয়ে জয় দিয়েই এশিয়ান গেমস অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা কবাডি দল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।