
AUSW vs INDW: মহিলাদের ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করল ৪০৯ রান। রবিবার হোবার্টে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া মহিলা দল ৭ উইকেট হারিয়ে তুলল ৪০৯ রান। এই প্রথম অস্ট্রেলিয়ায় মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ইনিংসে ৪০০ রান হল। মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)-র কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে ৯৮ বলে ১৫৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। অজি তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী হিলি এদিন তার কেরিয়ারের শেষ ম্য়াচে ২৭টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকান। চার নম্বরে নেমে বেথ মুনি ৮৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। ঝড়ো ইনিংস খেলেন তিন নম্বরে নামা জর্জিয়া ভোল (৫২ বলে ৬২)।
একেবারে শেষে নিকোলা কেরা ১৫ বলে ৩৪ রানে বিস্ফোরক ইনিংস খেলে দলের রানকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। পুরো ইনিংসে অজি ব্য়াটাররা মোট ৫১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকান। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে এবার নিয়ে মোট ৩বার ৪০০ প্লাস ইনিংস গড়ল অজিরা। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ৪১২ (ভারত ও ডেনমার্কের বিরুদ্ধে)। এদিন হোবার্টে তিন রানের জন্য বাঁচল সেই রেকর্ড।
প্রসঙ্গত, মহিলাদের ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে দলগত সর্বোচ্চ স্কোর নিউ জিল্যান্ডের (৪ উইকেটে ৪৯১ রান, আয়ারল্যান্ডের বিরুদ্ধে)। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ৪০০ বা তার বেশি রান করার নজির আছে নিউ জিল্যান্ড (চারবার), ভারত ( একবার, ৫ উইকেটে ৪৩৫, রাজকোটে, আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে), অস্ট্রেলিয়া (তিনবার)। মহিলাদের ৫০ ওভারের ক্রিকেটে এর আগে ভারতের বিরুদ্ধে ৪০০ প্লাস রান করার নজির আছে অস্ট্রেলিয়ার। গত বছর দিল্লিতে বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে অজি মহিলা দল করেছিল ৪১২ রান।
এদিন ভারতীয় মহিলা দলের পেসার শ্রীচারনি ১০ ওভারে দেন ১০৬ রান। দীপ্তি শর্মা ৯০ ও কাসিভ গৌতম দেন ৮৩ রান। এদিন একেবারে শুরু থেকেই ভারতীয় বোলারদের শাসন করতে থাকেন হিলিরা। আজ জিতলে ভারতীয় মহিলাদের হোয়াইটওয়াশ করবেন হেলিরা। অস্ট্রেলিয়ার হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্য়াচ খেলে আজই বাইশ গজকে বিদায় জানাচ্ছেন ৩৫ বছরের উইকেটকিপার-ব্য়াটার হিলি। টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে ওয়ানডে-তে নেমেছিলেন হরমনপ্রীত কৌররা।