East Bengal FC: চলতি আইএসএল-এ (Indian Super League 2026) চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে ইস্টবেঙ্গল। আগামী ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে হঠাৎই প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। আইএসএল-এর গুরুত্বপূর্ণ সময়ে এই জল্পনার ফলে কি সমস্যায় পড়বে লাল-হলুদ শিবির?
KNOW
Óscar Bruzón: চলতি আইএসএল-এ (Indian Super League 2026) চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা ইস্টবেঙ্গল (East Bengal FC) দলে ভাঙন ধরানোর লক্ষ্যে কি মাঠের বাইরের 'খেলা' শুরু হয়ে গেল? মঙ্গলবার মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। চলতি আইএসএল-এ লাল-হলুদ ব্রিগেড চ্যাম্পিয়নশিপের দৌড়ে শেষপর্যন্ত থাকবে কি না, তা এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে। এহেন গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে রটে গেল, চলতি মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গল ছাড়ছেন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা নেই। ক্লাবের পরিকল্পনা কী, সেটাও স্পষ্ট নয়। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে কি না, সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি। দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়েও কিছু জানা যায়নি। এই সব কারণেই দল ছাড়তে পারেন অস্কার।
ইস্টবেঙ্গল দলে ভাঙন ধরানোর চেষ্টা?
চলতি মরসুমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ (Durand Cup 2025-26), সুপার কাপে (AIFF Super Cup 2025-26) লড়াই করেছে অস্কারের দল। প্রথমবার দলকে আইএসএল চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখাচ্ছেন স্প্যানিশ কোচ। অস্কারের আমলে লাল-হলুদ শিবিরে সবকিছুই ভালোভাবে হয়েছে এমন নয়। কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। কিন্তু আইএসএল-এ দল পরপর ম্যাচ জিততেই ফের সমর্থকদের কাছে প্রিয় কোচ হয়ে উঠেছেন অস্কার। এই পরিস্থিতিতে তাঁর দল ছাড়ার জল্পনা ইস্টবেঙ্গলে ভাঙন ধরাতে পারে। পরবর্তী মরসুম নিয়ে ফুটবলারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এই কারণেই সুকৌশলে অস্কারের দল ছাড়ার খবর ছড়িয়ে দেওয়া হল বলে অনেকে মনে করছেন।
কী করবে ইস্টবেঙ্গল?
অস্কারের দল ছাড়ার জল্পনা নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট প্রকাশ্যে এখনও কিছু জানায়নি। চলতি মরসুম শেষ না হওয়া পর্যন্ত হয়তো কোনও সিদ্ধান্তের কথা জানানো হবে না। এবারের আইএসএল-এ লাল-হলুদ ব্রিগেডের ফল কেমন হয়, তার উপরেই অস্কারের ভবিষ্যৎ নির্ভর করছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


