
Badminton News: ব্যাডমিন্টনে এবার ২১ পয়েন্টের তিন গেমের বদলে ১৫ পয়েন্টের তিন গেমের নিয়ম চালু হচ্ছে। ২০২৭ সালের ৪ জানুয়ারি থেকে ব্যাডমিন্টনের স্কোরিং সিস্টেম বদলে যাচ্ছে। আন্তর্জাতিক ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (Badminton World Federation) নতুন স্কোরিং সিস্টেম অনুমোদন করেছে। ডেনমার্কের (Denmark) হরসেনসে (Horsens) ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় দুই-তৃতীয়াংশ সদস্য নতুন স্কোরিং সিস্টেমের পক্ষে ভোট দিয়েছেন। প্রায় দুই দশক পর ব্যাডমিন্টনে নতুন স্কোরিং সিস্টেম চালু হচ্ছে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের দাবি, নতুন ফর্ম্যাট চালু হলে যে কোনও প্রতিযোগিতার সূচি নির্ধারণ করা সহজ হবে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। অনেক বেশি চাপের মুহূর্ত দেখা যাবে। এছাড়া খেলোয়াড়দের সাহায্য হবে বলেও দাবি ব্যাডমিন্টনের আন্তর্জাতিক নিয়ামক সংস্থার।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট খানিং পাতামা লিসওয়াদত্রাকুল (Khunying Patama Leeswadtrakul) নতুন স্কোরিং সিস্টেম সম্পর্কে বলেছেন, ‘আমরা এমন এক খেলা গড়ে তুলছি, যা পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে। আমরা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি। ১৫ পয়েন্টের তিন গেম চালু হওয়ার ফলে ব্যাডমিন্টন আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং ব্যাডমিন্টনে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এর ফলে ব্যাডমিন্টনের সূচি আরও ভালোভাবে তৈরি করা যাবে। সব ম্যাচের সময় কাছাকাছি হয়ে যাবে। এর ফলে খেলোয়াড়দের সাহায্য হবে। খেলোয়াড়রা তাড়াতাড়ি চোট ও ক্লান্তি কাটিয়ে উঠতে পারবে।’
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে (2012 Summer Olympics London) পদকজয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal) অবশ্য ব্যাডমিন্টনের নতুন স্কোরিং সিস্টেমে খুশি নন। মহিলাদের ব্যাডমিন্টনে বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় বলেছেন, ‘যদি কোনও বদল আনতে হয়, তাহলে নিশ্চিত করতে হবে যে র্যালির গুণগত মান এবং খেলার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ভারসাম্য যেন নষ্ট না হয়। দিনের শেষে ন্যায্য প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার মূল বিষয়ের উপর জোর দেওয়াই আসল।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।