
Chennai Super Kings vs Gujarat Titans: কাফ মাসলে চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। দলের সঙ্গে পুরোমাত্রায় অনুশীলন শুরু করে দিয়েছেন এই কিংবদন্তি। তিনি উইকেটকিপিং অনুশীলনের পাশাপাশি নেটে বোলারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন। শনিবার অনুশীলনের সময় তাঁকে দেখে একবারও মনে হয়নি অস্বস্তি বোধ করছেন। ফলে দলে ফিরতেই পারেন ধোনি। তিনি চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। তবে ফিট হয়ে ওঠার পরেও চেন্নাই সুপার কিংসের হয়ে গুজরাট টাইটানসের (Chennai Super Kings vs Gujarat Titans) বিরুদ্ধে খেলতে চাইছেন না ধোনি। তিনি হয়তো প্রথম একাদশে থাকবেন না। এমনকী, ইমপ্যাক্ট-সাব হিসেবেও তাঁর খেলার সম্ভাবনা কম।
পুরো ফিট হয়ে ওঠার পরেও নিজেই খেলতে চাইছেন না ধোনি। কারণ, তিনি দলের ছন্দ নষ্ট করতে চাইছেন না। উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ইতিমধ্যেই জোড়া শতরান করেছেন। ধোনি দলে ফিরলে শুধু ব্যাটার হিসেবে খেলতে হতে পারে সঞ্জুকে। সেক্ষেত্রে দলের কম্বিনেশন নষ্ট হতে পারে। এই কারণে দলের কথা ভেবেই নিজেকে সরিয়ে রাখছেন ধোনি। এবারের আইপিএল-এর শুরুটা ভালোভাবে করতে পারেনি সিএসকে। তবে তারপর দল ছন্দ ফিরে পেয়েছে। এই ছন্দ কোনও কারণে নষ্ট হোক, তা চাইছেন না ধোনি।
দলের সঙ্গে হায়দরাবাদ (Hyderabad) ও মুম্বইয়ে (Mumbai) গিয়েছিলেন ধোনি। তবে তিনি খেলেননি। রবিবার ঘরের মাঠেও তাঁর খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজে খেলতে না চাইলেও, দলের সাফল্য চাইছেন ধোনি। তিনি দলের সবাইকে সাহায্য করছেন। মাঠের বাইরে থেকেই দলকে সাফল্য এনে দিতে চাইছেন এই কিংবদন্তি। তাঁর কাছে দলের সাফল্যই শেষ কথা। এই কারণেই মাঠের বাইরে থাকছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।