
Bangladesh Cricket Team: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) দল না পাঠানো নিয়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের (Asif Nazrul) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের (Aminul Islam Bulbul) মতপার্থক্য প্রকাশ্যে চলে এল। টি-২০ বিশ্বকাপে না খেলার দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের উপর চাপানোর চেষ্টা করেছিলেন নজরুল। পাল্টা বাংলাদেশ সরকারের উপরেই দায় চাপালেন বুলবুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল বলেছিলেন, 'টি-২০ বিশ্বকাপে না খেলা নিয়ে আক্ষেপের কোনও প্রশ্নই নেই। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারেরা নিয়েছিল। দেশের ক্রিকেট, সাধারণ মানুষ, দেশের সম্মান রক্ষা করার জন্য স্বার্থত্যাগ করেছে ক্রিকেটাররা।' পাল্টা এক সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, 'এটা সরকারের সিদ্ধান্ত ছিল। এটা আমার সময়ে হয়েছে এবং আমার সরকারকে সমর্থন করতেই হত। অবশ্যই ব্যক্তিগতভাবে খারাপ লাগবে। তবে বাংলাদেশ অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। যে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, আমরা সেগুলি কাটিয়ে উঠেছি। লিটন দাস (Litton Das) এবং ওর দলের জন্য খারাপ লাগছে যে ওরা একটা বিশ্বকাপ খেলতে পারল না। তবে সিদ্ধান্তটা ক্রিকেটের ছিল না, এটা আরও উপর থেকে এসেছে।'
নজরুল দাবি করেছিলেন, ভারতে ক্রিকেটারদের নিরাপত্তার অভাবের জন্য দল পাঠানো হবে না। কিন্তু বুলবুল বলেছেন, তাঁরা ভারতের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। তাঁর কথা অনুযায়ী, ‘যখন আইসিসি আমাদের বলে দিল যে তারা বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে (Scotland) নেবে, তখন পাকিস্তান-সহ (Pakistan) আরও কয়েকটি দেশ সেখানে ছিল। এমনকী, মিটিংয়ে ভারতও ছিল। আইসিসি-র আরও দু-একজন আধিকারিক। তাঁরা বলেছিলেন যে সরাসরি স্কটল্যান্ডের নাম ঘোষণা না করে বাংলাদেশের জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করা উচিত। বাংলাদেশ যদি না আসে, তবে ওয়াকওভার হবে। অন্য কাউকে বিশ্বকাপে নেওয়া হবে না। সেখানে বেশ কয়েকটি দেশের এটাই মত ছিল। একই মত ছিল ভারতেরও।’
বুলবুল আরও জানিয়েছেন, আইসিসি চাইছে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ দেখতে যান এশিয়ার পাঁচ দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা এবং তাঁরা সেখানে নিজেদের মধ্যে আলোচনা করুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই-ও (BCCI) ঠিক সেটাই চাইছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।