
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচের প্রথম ওভারের শেষ বলেই ওপেনিং পার্টনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) হারালেও, ঈশান কিষানের (Ishan Kishan) কোনও সমস্যা হল না। তিনি অসাধারণ ব্যাটিং করলেন। অসুস্থতা কাটিয়ে অভিষেককে দলে ফিরিয়ে কোনও লাভ হল না। চার বল খেলে রান করার আগেই সলমন আগার (Salman Agha) বলে শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi) ক্যাচ দিয়ে ফিরে যান অভিষেক। তবে প্রথম ওভারেই উইকেট হারাতে হলেও, ভারতীয় দলের কোনও সমস্যা হল না। তিন নম্বরে ব্যাটিং করতে নামা তিলক ভার্মাকে (Tilak Varma) সঙ্গে নিয়ে অসাধারণ ব্যাটিং করলেন ঈশান। তিনি পাকিস্তানের বোলারদের উপর চাপ তৈরি করলেন।
এদিন টসে জিতে পাকিস্তানের অধিনায়ক আগা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই তিনি উইকেট নিয়ে ভালো ফলের আশা জাগান। কিন্তু অচিরেই সেই আশায় জল ঢেলে দেন ঈশান। ভারতের এই ওপেনার ২৭ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। এরপর ৪০ বলে ৭৭ রান করে সায়েম আয়ূবের (Saim Ayub) বলে বোল্ড হয়ে যান ঈশান। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। নিশ্চিত শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই ব্যাটার। কিন্তু তিনি শতরানের আগেই থেমে গেলেন। তবে তিনি এদিন যেভাবে ব্যাটিং করলেন, তা সারা ক্রিকেট দুনিয়ায় প্রশংসিত হচ্ছে।
ঈশান বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, এই তরুণ ব্যাটার আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন না। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নেন ঈশান। তিনি প্রমাণ করে দিলেন, নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখে ভুল করেননি। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে নিজেকে ফের প্রমাণ করলেন এই তরুণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।