
India U19 vs Pakistan U19: শনিবার পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের যুব ক্রিকেটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনিও যুব ক্রিকেটারদের এই সাফল্যে সারা দেশের মতোই উচ্ছ্বসিত। তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে তাঁদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য অসাধারণ একটি দিন! আজকের দুরন্ত পারফরম্যান্স এবং পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬ জয়ের জন্য আমাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। তাঁদের এই সাফল্য দেশের আরও অনেক তরুণকে অনুপ্রাণিত করবে। আগামী দিনের জন্য পুরো দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।’
শনিবার ওমানে (Oman) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে এক উইকেটে জয় পায় ভারত। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ভারতকে ৩৩৮ রানের কঠিন লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যায় ভারতীয় দল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলে এক উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারতের যুব দল। এর ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জিতে নেয় ভারত।
Outstanding day for Indian cricket!
Immensely proud of our young cricketers for today’s impressive performance and for winning the Men’s U-19 Asia Cup 2026. Their success will inspire several youngsters.
Best wishes to the team for their endeavours ahead.
— Narendra Modi (@narendramodi) November 14, 2026
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে কঠিন পরিস্থিতিতেও ভারতীয় ক্রিকেটারদের লড়াকু মানসিকতা এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতাই এই সাফল্যের অন্যতম বড় দিক। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাতেও উঠে এসেছে তরুণ ক্রিকেটারদের এই কৃতিত্বের কথা। ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে হলেও, ভারতীয় দলের ব্যাটিং দেখে মনে হয়নি কোনওরকম চাপ আছে। ইনিংসের মাঝে পরপর উইকেট পড়ে গেলেও, অন্য ব্যাটাররা লড়াই চালিয়ে যান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল আট রান। শেষ বলে বাউন্ডারি মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন মোহিত উলভা (Mohit Ulva)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।