
Indian Cricket Team: ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভবিষ্যৎ নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই (BCCI)। কয়েকদিনের মধ্যেই আগরকরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন বিসিসিআই শীর্ষকর্তারা। সেই বৈঠকেই ঠিক হতে পারে, আগরকর প্রধান নির্বাচকের দায়িত্বে থাকবেন কি না। ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, এখনই প্রধান নির্বাচক বদলের সম্ভাবনা নেই। কারণ, আগরকরের কাজে সন্তুষ্ট বিসিসিআই কর্তারা। তবে বৈঠকের উপরেই সবকিছু নির্ভর করছে। প্রধান নির্বাচক পদে আগরকরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিতে পারে বিসিসিআই। তবে এই প্রাক্তন পেসার নিজে এই পদে আরও কিছুদিন কাজ চালিয়ে যেতে চান কি না, তা গুরুত্বপূর্ণ।
সম্প্রতি আগরকরের পদ নিয়ে আলোচনা চলছে। এর আগে তাঁর এই পদে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি মাসেই তাঁর বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। বিসিসিআই এক বছরের জন্য তাঁর মেয়াদ বাড়ানোর কথা ভাবছে। যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে নির্বাচক ও বিসিসিআই কর্তাদের একাংশের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। এই কারণেই আগরকরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেড়েছে। এই প্রাক্তন পেসারকে প্রধান নির্বাচক পদে রাখা হবে না অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৩ সালের জুলাইয়ে ভারতের সিনিয়র পুরুষ দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন আগরকর। তিনি চেতন শর্মার (Chetan Sharma) পরিবর্ত হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতীয় দল ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায়। ২০২৪ ও ২০২৬ সালে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। তবে টেস্ট ক্রিকেটে ভারতের ফল ভালো হয়নি। এই কারণেই আগরকরের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা চলছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।